হাসপাতাল থেকে নিখোঁজ সেই গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরকীয়ার অভিযোগে সালিস বৈঠকে বেদম প্রহারে আহত সেই গৃহবধূ গত বুধবার রাতে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তবে গৃহবধূর পাশের শয্যার কয়েকজন রোগী ও তাঁদের স্বজনেরা জানান, সন্ধ্যার পর বেশ কয়েকজন লোক তাঁকে হাসপাতাল থেকে জোর করে তুলে নিয়ে গেছে।এ ব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মান্নান বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে তিনি মহিলা ওয়ার্ডে গিয়ে দেখেন, ওই গৃহবধূ নেই। এ সময় পাশের শয্যার রোগীরা তাঁকে জানান, আগের রাতে কয়েকজন লোক এসে গৃহবধূকে তুলে নিয়ে গেছে। গৃহবধূর অবস্থা ভালো না হওয়ায় তাঁকে ছাড়পত্র দেওয়া হয়নি বলে আরএমও জানান। প্রত্যক্ষদর্শী হাসপাতালের একাধিক রোগী ও তাঁদের স্বজনেরা জানান, বুধবার সন্ধ্যার পর ৩০-৩৫ জন লোক হাসপাতালে গিয়ে ওই গৃহবধূকে তুলে নিয়ে যায়। একজন প্রত্যক্ষদর্শী জানান, এতে নেতৃত্ব দেন উপজেলার ঢলুয়া ইউনিয়ন পরিষদের সদস্য বারী আজাদ ওরফে স্বপন খান। অভিযোগ অস্বীকার করে স্বপন খান প্রথম আলোকে বলেন, ‘আমি গৃহবধূকে তুলে আনিনি। কে এনেছে, তাও জানি না।’ এদিকে গৃহবধূ ও তাঁর কথিত প্রেমিককে মারধর করার কথা বুধবার স্বীকার করলেও স্বপন খান গতকাল তা অস্বীকার করে বলেন, ‘আমি কোনো সালিস করিনি। গৃহবধূ ও তাঁর প্রেমিককেও মারধর করিনি।’গতকাল গৃহবধূর গ্রামের বাড়ি সদর উপজেলার বান্দরগাছিয়ায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ সময় একাধিক প্রতিবেশী নাম গোপন রাখার শর্তে বলেন, ‘আমরা শুনেছি, মেম্বার (স্বপন খান) গৃহবধূকে হাসপাতাল থেকে তুলে এনে লুকিয়ে রেখেছেন। এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য তিনি ও তাঁর লোকজন গৃহবধূর ভাইদেরও শাসিয়েছেন। ভয়ে গৃহবধূর ভাইয়েরা গা-ঢাকা দিয়েছেন।’এদিকে একই হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূর কথিত প্রেমিক গতকাল অভিযোগ করেন, সালিস বৈঠকে নির্যাতনের ঘটনায় মঙ্গলবার রাতে তাঁর বাবা বরগুনা থানায় স্বপন খানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করলেও পুলিশ গতকাল পর্যন্ত এটি নথিভুক্ত করেনি। জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক উত্তেজিত কণ্ঠে এ প্রতিবেদককে বলেন, ‘আপনারা এটা নিয়ে এত বাড়াবাড়ি করছেন কেন? এখানে তো মার্ডার হয়নি যে বিষয়টি আপনারা এত সিরিয়াসভাবে নিচ্ছেন।’ তিনি কোনো অভিযোগ পাননি বলে জানান। গৃহবধূ নিখোঁজ হওয়ার বিষয়ে ওসি বলেন, এ ব্যাপারে পুলিশকে কেউ কিছু জানায়নি। তবু বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।পরকীয়ার অভিযোগে গত রোববার সালিস বৈঠক ডেকে ওই গৃহবধূ (৩০) ও তাঁর কথিত প্রেমিকের (৩২) ওপর নির্মম নির্যাতন চালায় একটি প্রভাবশালী চক্র। সদ্যসমাপ্ত ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী স্বপন খানকে সমর্থন না দেওয়ায় পরকীয়ার গল্প সাজিয়ে এ নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা নিয়ে গতকাল প্রথম আলোতে ‘বরগুনার পল্লিতে গৃহবধূ ও কথিত প্রেমিককে নির্মম নির্যাতন!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।