পুলিশ দম্পতির নির্যাতনের শিকার শিশু গৃহপরিচারিকা রোমেলা খাতুন হাসপাতাল থেকে গতকাল বুধবার নিজ বাড়িতে ফিরেছে। তবে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলায় গতকাল পর্যন্ত আসামিদের কেউ গ্রেপ্তার হননি। পুলিশের দাবি, আসামিরা ‘পলাতক’ রয়েছেন।পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেলে স্বজনেরা রোমেলাকে হাসপাতাল থেকে নিয়ে যায়।হাসপাতালের অর্থোপেডিক বিভাগের শিক্ষক রিয়াজুল হক বলেন, রোমেলা এখন অনেকটা সুস্থ। ক্ষতগুলো শুকিয়ে গেছে। কয়েক দিন বিশ্রামে থাকলে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তাই প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রোমেলা বলে, ‘এহন শরীল ভালো। তয় হাটতি কষ্ট হয়। গিরের মধ্যি ব্যথা করে।’রোমেলা বাড়ি ফেরার পর তার বাবা ইয়াজ উদ্দিন বলেন, ‘মিয়েডা সুস্থ হয়া বাড়ি আসায় ভালো লাগতেছে। ইবার যারা আমার মিয়েডাক মারে অসুস্থ করিছিল, তাগের বিচের হলি আরও ভালো লাগবি।’এর আগে গত মঙ্গলবার রোমেলা আদালতে জবানবন্দি দিয়েছে। ওই দিন দুপুরে তাকে মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক কবির উদ্দিন প্রামাণিক নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের ওসি বিজন বড়ুয়া আরও জানান, রোমেলার দেওয়া জবানবন্দি ও তদন্ত সাপেক্ষে ৬০ কার্যদিবসের মধ্যে মামলাটির অভিযোগপত্র দেওয়া হবে।এদিকে রোমেলাকে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের হওয়ার ১১ দিন পার হলেও পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। পুলিশ বলছে, আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না। প্রসঙ্গত, পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের গোটেংরা গ্রামের ইয়াজ উদ্দিনের মেয়ে রোমেলা খাতুন পুলিশ কর্মকর্তা শাহেদ আলীর বাসায় কাজ করার সময় নির্যাতনের শিকার হয়।