হাসপাতাল থেকে বের করে দেওয়া হলো প্রতিবন্ধীসহ দুই রোগীকে
প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত প্রতিবন্ধী আশরাফ ও তাঁর ভাই নুরুন্নবীর চিকিৎসা শেষ না করেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের চিকিৎসার দাবিতে গতকাল বৃহস্পতিবার হাসপাতালের সামনে একটি গাছের নিচে শুয়ে পড়েন আশরাফ। বলেছেন, ‘চিকিৎসা শেষ না হইতে হামাক কেনে বের করি দেইল।’রংপুরের পীরগাছা উপজেলার দেউতিকালি গ্রামের নূর মোহাম্মদের ছেলে প্রতিবন্ধী আশরাফ আলী (৪৫) ও তাঁর ভাই নুরুন্নবীকে ১ মে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ হামলা চালিয়ে আহত করে। এঁদের দুজনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হাসপাতালের ৬ নম্বর অর্থোপেডিকস ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এঁদের মধ্যে প্রতিবন্ধী আশরাফের হাত ভেঙে যাওয়াসহ শরীরের অন্যান্য স্থানে জখম এবং অন্যজনের পা ভেঙে যায়।রোগীর ভাই তাজুল ইসলাম অভিযোগ করেন, চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাত নয়টার দিকে ওই ওয়ার্ডের চিকিৎসক তাঁদের হাসপাতাল ছেড়ে যাওয়ার জন্য ছাড়পত্র দেন। এতে তাঁরা অসম্মতি জানিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু চিকিৎসক তাঁদের কোনো আরজি না শুনে জাসপাতালের ওয়ার্ড থেকে বের করে দেন। এ সময় তাঁরা অসহায় হয়ে হাসপাতালের বারান্দায় অবস্থান নেন। পরে তাঁদের বারান্দায়ও ঠাঁই হয়নি। বের করে দেওয়া হয় হাসপাতালের ভেতর থেকে। শেষমেশ তাঁরা হাসপাতালের মূল ফটকের সামনে একটি গাছের নিচে অবস্থান নেন। এভাবেই খোলা আকাশের নিচে গাছের তলায় রাত পার করেন।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁদের সেখানে শুয়ে থাকতে দেখা যায়। কৌতূহলী অনেক মানুষের ভিড় জমেছে সেখানে। ব্যথায় কাতরাতে কাতরাতে তাঁরা বলেন, ‘ডাক্তারের কি মায়াদয়া নাই। হামরা কি চিকিৎসা পামো না?’অর্থোপেডিকস ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক জাহিদুল ইসলাম রোগীর অভিযোগ প্রসঙ্গে বলেন, যতটুকু চিকিৎসার প্রয়োজন, তা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। এত কম সময়ে এই রোগীর ছাড়পত্র দেওয়া যথাযথ হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়ে বলেন, ‘বিষয়টি কী হচ্ছে, তা বুঝতে পারছি না। রোগী পুনরায় ভর্তি হয়ে চিকিৎসা নিতে চাইলে তা করা হবে।’হাসপাতালের পরিচালক আনিসুল করিম বলেন, রোগীদের পুনরায় ভর্তি হয়ে চিকিৎসা নিতে বলা হয়েছে। তাঁরা তো রাতেই অনুরোধ করেছিলেন, কিন্তু ওই সময় তাঁদের কথা শোনা হয়নি। বিষয়টি তিনি পরে জানাবেন বলে জানান।