হাসপাতাল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল থেকে গত শুক্রবার গভীর রাতে শফিকুল ইসলাম (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শফিকুল আত্মহত্যা করেছেন। বনানী থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে শুক্রবার রাত পৌনে তিনটার দিকে হাসপাতালের নিচতলায় ১৮/১৯ নম্বর ওয়ার্ডসংলগ্ন বারান্দার গ্রিলে ঝুলন্ত অবস্থা থেকে শফিকুলের লাশটি উদ্ধার করা হয়। লাশটি গলায় প্লাস্টিকের ফিতা দিয়ে পেঁচানো অবস্থায় ঝুলে ছিল। এসআই বলেন, জানা গেছে শফিকুল দীর্ঘদিন ধরে যক্ষ্মায় ভুগছিলেন। বছর খানেক ধরে তিনি হাসপাতালের ওই ওয়ার্ডে চিকিৎসাধীন। দীর্ঘদিন রোগে আক্রান্ত থাকায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। এসআই আরও বলেন, বারান্দাটি রোগী ও রোগীর স্বজনেরা নামাজ পড়ার জন্য ব্যবহার করেন। শফিকুল নামাজের ইমামতিও করতেন। সাধারণত রাত ১২টার পর বারান্দায় তেমন কেউ থাকে না। ১২টার পর কোনো এক সময় সবার অগোচরে শফিকুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর সঙ্গে হাসপাতালে তাঁর মা-ও ছিলেন। তবে ঘুমিয়ে পড়ায় তিনি টের পাননি। শফিকুলের গ্রামের বাড়ি বরিশালের মুলাদি উপজেলায়। বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক বশির আহম্মদ প্রথম আলোকে বলেন, শফিকুল ওষুধ-প্রতিরোধী যক্ষ্মায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরে হাসপাতালে থাকায় তাঁর মধ্যে মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে।