হাসপাতাল থেকে রোগী নিখোঁজ!
জ্বরসহ নানা রোগে আক্রান্ত নজরুল ইসলাম (৭৫) ভালোভাবে কথা বলতে পারেন না। অসুস্থতার কারণে ইশারায় কথা বলতেন। এ ছাড়া পাঁচ বছর আগে একটি দুর্ঘটনার পর থেকে স্বাভাবিকভাবে হাঁটতেও পারেন না। হাঁটার জন্য অন্য কারও কিংবা দেয়ালের সাহায্য নিতে হতো।কিন্তু এই রোগী গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা থেকে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে তিনি হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন বিভাগের ৫৬/এ নম্বর শয্যা থেকে নিখোঁজ হন। এ সময় তাঁর সঙ্গে থাকা স্ত্রী হোসনে আরা বেগম ঘুমাচ্ছিলেন। এ ব্যাপারে নগরের পাঁচলাইশ থানায় গতকাল বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি করা হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, নজরুলকে রোববার জ্বর ও বার্ধক্যজনিত নানা রোগ নিয়ে মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছিল। তাঁর বাড়ি হাটহাজারী উপজেলার কাটিরহাট উদালিয়া গ্রামে। নজরুলের স্ত্রী হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘ভোরে আমি ঘুমিয়ে পড়ি। ঘণ্টা খানেক পর দেখি বিছানায় তিনি নেই। এদিক-ওদিক খোঁজাখুঁজি করেও পাইনি। পাশের শয্যার লোকজনও কিছু বলতে পারেননি।’আশপাশের শয্যার রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নজরুল ইসলাম শয্যা থেকে নেমে ধরে ধরে মুখ ধুতে যান। পরে কোনদিকে তিনি গেছেন, তা কেউ খেয়াল করেনি।বিষয়টি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সেবিকা ও দারোয়ানকে জানানো হয়। কিন্তু তাঁরা কিছু বলতে পারেননি। ওয়ার্ডের এক চিকিৎসক বলেন, ওয়ার্ডের ফটক সকালে উন্মুক্ত থাকে। দারোয়ানও থাকেন না তখন। দারোয়ান থাকলেও যিনি বের হচ্ছেন, তিনি রোগী কি না, তা দারোয়ানের পক্ষে জানা সম্ভব নয়। নিখোঁজের খবর পেয়ে রোগীর মেয়ে ও ভাইসহ অন্যরা হাসপাতালে এসে খোঁজাখুঁজি করেও নজরুলকে পাননি। পরে ভাই মো. ফয়জুল ইসলাম নগরের পাঁচলাইশ থানায় গতকাল জিডি (নম্বর ৬০৩) করেন। ফয়জুল জানান, তাঁদের সঙ্গে কারও শত্রুতাও নেই। কেন কিংবা কীভাবে নিখোঁজ হলেন নজরুল, কিছুই তাঁদের মাথায় ঢুকছে না। ঘটনার সত্যতা স্বীকার করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ‘একটি বৃদ্ধ লোক নিখোঁজ হয়েছে। কিন্তু কীভাবে নিখোঁজ হলো, তা বুঝতে পারছি না। কারণ, লোকটি নাকি তেমন হাঁটতেও পারতেন না।’