হাসপাতাল থেকে সেই নবজাতককে ছাড়পত্র দেওয়ার শুনানি হয়নি
চট্টগ্রামে ময়লার স্তূপ থেকে উদ্ধার হওয়া নবজাতককে কার কাছে লালন-পালনের জন্য হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে, সে-সংক্রান্ত শুনানি পিছিয়েছে। গতকাল রোববার প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ (মহানগর শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস আদালতে শুনানির দিন ধার্য ছিল।
শিশু আদালতের সরকারি কৌঁসুলি এম এ ফয়েজ প্রথম আলোকে বলেন, বিচারক ছুটিতে থাকায় শুনানি হয়নি। ভারপ্রাপ্ত বিচারক ২২ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন। নবজাতককে দত্তক নেওয়ার জন্য আদালতে ১০টি আবেদন জমা পড়েছে। আবেদন করা ব্যক্তিদের মধ্যে স্কুলশিক্ষক, চিকিৎসক, আইনজীবী ও সরকারি কর্মকর্তা আছেন।
নবজাতককে কীভাবে ছাড়পত্র দেওয়া হবে, সে ব্যাপারে নির্দেশনা চেয়ে গত ২৮ ফেব্রুয়ারি আদালতে আবেদন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ২০ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার কর্নেলহাট প্রশান্তি আবাসিক এলাকায় ময়লার স্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক জগদীশ চন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, শিশুটি সুস্থ আছে।