হাসপাতাল দালালমুক্ত করতে আদালত পরিচালনার নির্দেশ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে দালালমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ রুস্তম আলী ফরাজী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় গতকাল রোববার সকালে সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত হাসপাতালে বসে রোগী দেখতে হবে। কোনো চিকিৎসক সরকারি সময়ে বাসায় এবং ব্যক্তি মালিকানাধীন ক্লিনিকে রোগী দেখলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া হাসপাতালকে দালালমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী জানান, গত শুক্রবার দুপুরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস কে নাথের অবহেলায় আবুল কালাম (৩৫) নামের এক রোগী মারা যান। এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডাকেন। সভায় কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হাসপাতালের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ হাসপাতালের চিকিৎসা সেবার মান বাড়াতে নানা পদক্ষেপের কথা জানান।