হাসপাতাল নয়, যেন 'শরণার্থীশিবির'
ময়মনসিংহের ঢাকা বাসস্ট্যাড থেকে নেমে এক কিলোমিটার পার হলেই চার লেন সড়কের ডান পাশে দেয়াল বরাবর সারি সারি অ্যাম্বুলেন্স। তবে এর একটিও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নয়। সারিবদ্ধ অ্যাম্বুলেন্সের পাশেই একটি বিশালকায় ডাস্টবিন, স্থানীয় লোকজনের ভাষায় ময়লার ভাগাড়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও আশপাশে সব ক্লিনিকের বর্জ্য ফেলা হয় এই ভাগাড়ে।
গতকাল শনিবার বেলা দুইটায় যখন আমরা মেডিকেল কলেজের ফটক দিয়ে ভেতরে ঢুকি, তখনো ডাস্টবিনের আবর্জনা সরানো হচ্ছিল। দুর্গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। এরই মধ্যে হাসপাতালের ফটক দিয়ে রোগীদের আনা-নেওয়ার কাজ চলছিল।
ভেতরে ঢুকতেই মেডিকেল কলেজের ফলকটি চোখে পড়ে। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই কলেজের মূলমন্ত্র ছিল ‘জ্ঞানার্জনে এসো, সেবার্থে যাও, এন্টার টু লার্ন, লিভ টু সার্ভ’।
মেডিকেল কলেজ চত্বরটি মোটামুটি পরিচ্ছন্ন। কিন্তু হাসপাতালে ঢুকতেই দেখি বারান্দায়, চত্বরে চিকিৎসাপ্রার্থী শত শত নারী-পুরুষ। প্রায় সবার মলিন বেশ, চোখ-মুখ বেদনাক্লিষ্ট। আলাপ করে জানা গেল, তাঁদের কেউ এসেছেন কুড়িগ্রামের রৌমারী থেকে, কেউবা নেত্রকোনার মোহনগঞ্জ থেকে। রৌমারী উত্তরের জেলা কুড়িগ্রামের উপজেলা হলেও জামালপুর জেলার লাগোয়া। ফলে তাঁদের যাতায়াত এ দিকটায় বেশি।
এ অঞ্চলের ছয় জেলার সোয়া দুই কোটি লোকের একমাত্র সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এটি। রোগীদের স্বজনেরা কেউ এলোমেলো ঘুরে বেড়াচ্ছেন, কেউ বা মেঝেতেই শুয়ে-বসে আছেন। দেখে মনে হয়, এটি কোনো হাসপাতাল নয়, যেন ‘শরণার্থীশিবির’।
ময়মনসিংহ মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজার। হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল রোগীর সংখ্যা ছিল ২ হাজার ১৩৫ জন। অতিরিক্ত রোগীদের ঠাঁই হয়েছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের মেঝেতে, বারান্দায় এমনকি সিঁড়ির নিচে। প্রত্যেক রোগীর সঙ্গে দুই থেকে তিনজন করে স্বজন এসেছেন সহায়তা দিতে। এর ফলে এক হাজার শয্যার হাসপাতালটির অবস্থা কী হতে পারে, তা সহজেই অনুমেয়।
হাসপাতালের হালফিল অবস্থা জানতে পরিচালকের খোঁজ নিলাম। তাঁর কক্ষ তালাবদ্ধ। আগের পরিচালক বিদায় নিয়েছেন। উপপরিচালক মো. তাজুল ইসলাম ভারপ্রাপ্ত। হাসপাতাল কেমন চলছে জানতে চাইলে তিনি বললেন, রোগী বেশি হওয়ার কারণে তাঁরা মানসম্মত সেবা দিতে পারছেন না। চিকিৎসা সরঞ্জামেরও অভাব আছে। জিজ্ঞাসা করলাম, চিকিৎসকেরা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কি? তিনি বললেন, এত বেশি রোগী যে চিকিৎসকদের হিমশিম খেতে হয়। তাঁদের সহযোগিতা ছাড়া হাসপাতাল সচল রাখা কঠিন হতো।
লোকবলের সংকট আছে কি না জানতে চাইলে উপপরিচালক বলেন, সব পদে লোকবলের সমস্যা আছে। এখানে নির্ধারিত চিকিৎসকের পদ ৩৮০, আছেন ২৯০ জন। সেবিকার পদ ৪৯৪, আছেন ৪৩৮ জন। তৃতীয় শ্রেণির কর্মচারীর পদ ১৬৪, আছেন ১২৮ জন। আর চতুর্থ শ্রেণির কর্মীর পদ ৪৫৫, আছেন ৩১৫ জন।
তবে তাজুল ইসলাম বললেন, হাসপাতালের প্রধান সংকট লোকবল নয়, চিকিৎসা সরঞ্জামের অভাব। বাংলাদেশের আটটি পুরোনো মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একমাত্র ময়মনসিংহেই ‘ক্যাথল্যাব’ নেই। কিডনি রোগের ডায়ালাইসিস মেশিন নেই। এনজিওগ্রাম, হার্টে রিং পরানো কিংবা অস্ত্রোপচারের কোনো ব্যবস্থা নেই। ফলে এখানে হৃদ্রোগের পুরো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। গুরুতর রোগীদের অন্যত্র চিকিৎসা নিতে হয়।
তবে ভারপ্রাপ্ত পরিচালক আশা করছেন, নতুন যে আটটি ক্যাথল্যাব আনা হচ্ছে, তার একটি ময়মনসিংহ মেডিকেল কলেজকে দেওয়া হবে।
হাসপাতালে যে দুটি ইকোকার্ডিওগ্রাম মেশিন আছে, তার একটি নষ্ট। সিটিস্ক্যান মেশিনটিও এই চালু থাকে তো এই বন্ধ।
কেন এই অবস্থা তার শানেনজুল তুলে ধরলেন হাসপাতালের একজন চিকিৎসক। তাঁর ভাষ্য, একটি চক্র হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ইচ্ছা করেই বিকল রাখে। তাতে আশপাশের ক্লিনিকগুলো চুটিয়ে ব্যবসা করতে পারছে। এসব ক্লিনিকের সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালের এক শ্রেণির চিকিৎসক ও কর্মীদের অলিখিত চুক্তি আছে। চিকিৎসকেরা রোগীর পরীক্ষা-নিরীক্ষার জন্য ক্লিনিকে পাঠানোর সুপারিশ করলে সেখান থেকে নির্ধারিত হারে টাকা পান। তবে সব চিকিৎসক এ কাজ করেন না বলেও তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক অপর একজন চিকিৎসক ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘সাধারণ ক্লিনিকগুলো যেসব রোগ নির্ণয় করতে পারে, সেগুলো সরকারি হাসপাতাল কেন পারবে না। তাদের দক্ষতা ও যোগ্যতা কি আমাদের চেয়ে বেশি?’ তিনি সর্ষের ভেতর ভূত খোঁজারই ইঙ্গিত দিলেন।
সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থা ও সংকটের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়েরও দায় আছে। বলতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো চিকিৎসা সরঞ্জামই সময়মতো পায় না। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলো আসতে কোনো কোনো সময় তিন-চার বছর লেগে যায়।
অন্যান্য সরকারি হাসপাতালে যেমন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের দৌরাত্ম্য আছে, ময়মনসিংহ মেডিকেলও তা থেকে মুক্ত নয়। চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি অংশের সঙ্গে বিভিন্ন ক্লিনিকের দালালদের যোগসাজশ থাকে। এখানে রোগী এলে নানা প্রলোভন দেখিয়ে তাঁদের ওই সব ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এর জন্য কর্মচারীরা টাকা পান। কিছুদিন আগে এই হাসপাতালেরই একজন চিকিৎসক রোগী সেজে হাসপাতালে এসে দালালের খপ্পরে পড়েছিলেন বলে আমাদের জানান। তবে নিরাপত্তার জন্য তিনি নিজের পরিচয় দেননি।
আমরা যখন হাসপাতালের উপপরিচালকের সঙ্গে কথা বলে ফিরছিলাম, তখনই খবর পেলাম এখান থেকে রোগী ভাগিয়ে নেওয়ার দায়ে দুই দালালকে পুলিশ আটক করেছে। তবে তাদের বেশি দিন জেল খাটতে হবে না বলে আমাদের ‘আশ্বস্ত’ করলেন হাসপাতালেরই একজন দায়িত্বশীল কর্মকর্তা।
হাসপাতালে প্রায় সব বিভাগই অতিরিক্ত রোগীর চাপে ভারাক্রান্ত। তবে নতুন ভবনের চারতলায় অবস্থিত হৃদ্রোগ বিভাগে গিয়ে যা দেখলাম তা অবর্ণনীয়। ১৬ শয্যার একেকটি কক্ষেÿ কমপক্ষেÿ ৩২ জন রোগী ঠাঁই নিয়েছেন। তাঁদের প্রত্যেকের সঙ্গে আছেন তিন-চারজন করে স্বজন। তাঁদের কেউ কেউ সেখানেই খাওয়াদাওয়া করছিলেন। কর্তব্যরত চিকিৎসক এ ব্যাপারে সতর্ক করে দিলেও তা কেউ শুনছেন না। এভাবে চলছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ‘ভেতর-বাহির’।
সেখানে আবদুল জলিল নামে একজন মধ্যবয়সী রোগীর কাছে জানতে চাইলাম, ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কি? তিনি বললেন, ডাক্তার ও নার্সরা নিয়মিত আসেন, খোঁজখবর নেন। কিন্তু পরীক্ষা করাতে হয় সবই বাইরে থেকে।