হাসপাতাল পরিচালকের জামিন, আফিয়ার দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফিয়া জাহিনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া সেন্ট্রাল হাসপাতালের অন্যতম পরিচালক এম এ কাশেম গতকাল শুক্রবার জামিন পেয়েছেন। গতকাল শুক্রবার সকালে এম এ কাশেমকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। জামিন আবেদনের শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
ধানমন্ডি অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার আবদুল্লাহেল কাফী গতকাল প্রথম আলোকে বলেন, ভুল চিকিৎসায় আফিয়ার মৃত্যুর ঘটনায় করা মামলার আট আসামি এখনো পলাতক আছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গতকাল শুক্রবার সকালে আফিয়ার লাশ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খাসেরহাটের লাসমানপুরে তাঁদের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে আফিয়ার বড় বোন নীহারিক আফরোজ প্রথম আলোকে বলেন, তাঁরা দুই বোন ছিলেন। আফিয়ার শোকে তাঁর মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলেন, ডাক্তারদের ভুল চিকিৎসায় আফিয়ার অকালমৃত্যু হলো।
ছয় দিন জ্বরে ভোগার পর গত বুধবার সকালে আফিয়াকে গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে মেডিসিন বিভাগের অধ্যাপক এ বি এম আবদুল্লাহর অধীনে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে মারা যান তিনি। ওই ঘটনার পর দায়ের করা মামলায় অধ্যাপক এ বি এম আবদুল্লাহ ১ নম্বর আসামি।
অভিযোগ সম্পর্কে এ বি এম আবদুল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, ভুল চিকিৎসার অভিযোগ ভিত্তিহীন। রোগী হাসপাতালে আসার পর তাঁর শারীরিক পরিস্থিতি দেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রোগ নিশ্চিত হওয়ার জন্য রক্ত পরীক্ষা করার কথা বলা হয়। কারণ, এখন ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ নানা রোগ হচ্ছে। রক্ত পরীক্ষায় ধরা পড়ে রোগী রক্ত ক্যানসারে ভুগছেন। রোগীকে সঙ্গে সঙ্গে ক্যানসারের চিকিৎসকের কাছে স্থানান্তর করা হয়। তিনিও রোগীকে দেখেন। কিন্তু এর মধ্যেই রোগীর অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। রোগীকে আইসিইউতে পাঠানো হয়। সুনির্দিষ্ট চিকিৎসা শুরুর আগেই রোগী মারা যান।
তবে আফিয়ার স্বজন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, আফিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেও তাঁকে রক্ত ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়। এই ভুল চিকিৎসায় আফিয়ার মৃত্যু হয়।
সেন্ট্রাল হাসপাতালের অন্যতম পরিচালক অধ্যাপক মতিওর রহমান গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেছিলেন, আফিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়নি। তাঁকে ডেঙ্গু জ্বরের চিকিৎসাই দেওয়া হয়। লিউকোমিয়া ও বোন ম্যারোর সমস্যা থাকতে পারে—এমন সন্দেহ থাকায় তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করাতে বলা হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আফিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের অকালমৃত্যুর শোক মেনে নেওয়া খুবই দুরূহ। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এই মৃত্যুর জন্য ভুল চিকিৎসার অভিযোগ তুলে ডাক্তার লাঞ্ছনা বা হাসপাতাল ভাঙচুরের মতো পরিস্থিতি কাম্য নয়।