হাসপাতাল পরিষ্কারে হাত লাগালেন তাঁরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আছেন পৌরসভার মেয়র; জেলা সিভিল সার্জন কর্মকর্তাও। তাঁদের সঙ্গে দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও। সবার হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করার সরঞ্জাম। সবাই একযোগে লেগে পড়েন হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে।
গতকাল বুধবার সকালে এ দৃশ্য দেখা গেল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এদিন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হাসপাতালটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
কর্মসূচির উদ্যোগ নিয়েছিল ‘চিকিৎসা ব্যবস্থাপনা কমিউনিটি সাপোর্ট কমিটি’র চুয়াডাঙ্গা জেলা শাখা। কমিটির চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারপারসন ও চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী এ প্রসঙ্গে বললেন, ‘আমরা যে যত বড় মাপের মানুষ হই না কেন, মুমূর্ষু অবস্থায় এই হাসপাতালে এসে স্বস্তি পাই। তাই হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।’
গতকাল সকাল ১০টায় এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় একে একে হাসপাতালের অন্তর্বিভাগ, বহির্বিভাগ ও জরুরি বিভাগের পাশাপাশি হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। কর্মসূচির নেতৃত্বে ছিলেন পৌর মেয়র ওবায়দুর ও জেলার সিভিল সার্জন রওশন আরা। অংশ নেন পৌরসভার কর্মচারী এবং সদর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা। দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযানে তাঁদের পাশাপাশি অর্ধশত স্বেচ্ছাসেবক সহায়তা করেন।
সিভিল সার্জন রওশন আরা বলেন, সারা দেশের ১০টি হাসপাতালে ‘চিকিৎসা ব্যবস্থাপনা কমিউনিটি সাপোর্ট কমিটি’ কাজ করছে। কমিটির লক্ষ্যের মধ্যে রয়েছে জেলা পর্যায়ে মানসম্মত চিকিৎসা কার্যক্রম পরিচালনার উন্নয়ন ও কর্তৃপক্ষকে সহায়তায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সংশ্লিষ্টতা বৃদ্ধি এবং হাসপাতাল পরিচালনায় আর্থিক ও অন্যান্য বাধা দূরীকরণ।