হাসপাতাল ভবন সংস্কারে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবন মেরামতকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। হাস-পাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ ব্যাপারে তদারকি জোরদার করার অনুরোধ জানিয়ে জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী বরাবর গত ১৭ জুন একটি চিঠি দিলেও অবস্থার পরিবর্তন হয়নি।হাসপাতালের কয়েকজন চিকিৎসকের অভিযোগ, ঠিকাদার ক্ষমতাসীন দলের নেতা পরিচয়ে প্রভাব দেখিয়ে যেনতেনভাবে কাজ সারছেন। হাসপাতাল ভবনের দরজা-জানালা ও বারান্দার গ্রিল সংস্কার না করেই রং করা হচ্ছে। নিয়ম অনুযায়ী সংস্কারকাজ শেষ করে রঙের কাজ করার কথা। এ ছাড়া কয়েকটি স্থানে দায়সারাভাবে প্লাস্টার করা হয়েছে। বেশির ভাগ স্থানে প্লাস্টারের কাজ এখনো বাকি। কাজের শুরুতে দরজা-জানালা, গ্রিলসহ বিভিন্ন সংস্কারকাজ করার কথা এবং এসব কাজ শেষে রঙের কাজ করার কথা। আগে রঙের কাজ করলে পরে সংস্কারকাজ করা হয় না। কিন্তু ১০-১২ দিন ধরে ঠিকাদারের লোকজন আগে সংস্কারকাজ না করে রঙের কাজ শুরু করছেন। অসৎ উদ্দেশ্যে এ কাজ করা হচ্ছে। গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পুরোনো ভবনের দ্বিতীয় তলার সামনের বারান্দার গ্রিল ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রুমের সামনে বারান্দার গ্রিল মেরামত না করে ভাঙা গ্রিলেই রং করা হয়েছে। দোতলার কয়েকটি ভাঙা জানালায় রঙের কাজ শুরু করা হয়েছে। ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে। সেখানেও রং দেওয়া হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির কুমার রায় এ ব্যাপারে নিজেদের অসহায়ত্বের কথা প্রকাশ করে বলেন, ‘আমাদের কাছে র্যাব-পুলিশ নেই। তাই ঠিকাদার আমাদের কথা শুনছেন না। এ পর্যন্ত ২০ শতাংশ কাজও সম্পন্ন হয়নি। বিষয়টি সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালের পুরোনো সংস্কার ও মেরামতের জন্য গত মে মাসে দরপত্র আহ্বান করা হয়। মেসার্স হিমালয় এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ১১ লাখ নয় হাজার ৯৯১ টাকার ওই দরপত্র পায়। নোয়াখালী পৌরসভার কাউন্সিলর আজিজুর রহমানের মালিকানাধীন ওই প্রতিষ্ঠানকে গত ২৪ মে কার্যাদেশ দেওয়া হয়।লক্ষ্মীপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মফিজুর রহমান বলেন, ‘আরএমওর চিঠি পেয়েছি। সেখানে গিয়ে কাজ দেখে আমিও সন্তুষ্ট হতে পারিনি। ঠিকাদারকে সঠিকভাবে কাজ করার জন্য গত সপ্তাহে চিঠি দিয়েছি। সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করে দেওয়া হবে বলে তিনি কথা দিয়েছেন।’ঠিকাদার আজিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, ‘সঠিকভাবে কাজ হচ্ছে। কোনো অনিয়ম হয়নি।’