হাসপাতাল ভবনে ফাটল রোগী স্থানান্তর
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলা ভবনে ফাটল দেখা দিয়েছে। গতকাল সোমবার দুপুরে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভবনটির এক কোনায় এক-দেড় ফুট দেবে গেছে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (শরীয়তপুর-মাদারীপুর) সহকারী প্রকৌশলী নূর মোহামঞ্চদ বলেন, ভবনটির কলাম ও বিমে ফাটল ধরেছে। কলাম ও বিম ভবনের ধারণক্ষমতা হারিয়ে ফেলেছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে লোকজন অন্যত্র সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলা ভবনটি ১৯৮৪ সালে নির্মাণ করা হয়। বছর দুয়েক আগে থেকে ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। গত রোববার ভবনটির নিচতলার ছয়টি ও দোতলার পাঁচটি স্থানের দেয়ালে এবং নিচতলার ১২টি কলাম ও চারটি বিমে ফাটল সৃষ্টি হওয়ায় রোগী ও চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনটির দক্ষিণ-পশ্চিম কোণে এক থেকে দেড় ফুট দেবে গেছে। গতকাল সোমবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নূর মোহামঞ্চদ ভবনটি পরিদর্শন করে সেটি পরিত্যক্ত ঘোষণা করেন। এরপর স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ভর্তি থাকা ৪১ জন রোগীকে পাশে স্বাস্থ্য কমপ্লেক্সের আরেকটি ভবনে সরিয়ে নেয়। এ ছাড়া ১১ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, ১৯৮৪ সালে হাসপাতালের দোতলা ভবনটি গণপূর্ত বিভাগ নির্মাণ করেছে। তখন তাদের একটি ভবনের আয়ুষ্কাল ধরা হতো ৫০ বছর। অথচ ২৯ বছরের মাথায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলো। সোমবার বেলা সাড়ে তিনটায় গণপূর্ত বিভাগের শরীয়তপুর কার্যালয়ে গিয়ে হাসপাতালের ওই ভবনটির নির্মাণসংক্রান্ত তথ্য চাইলে উপস্থিত কর্মকর্তারা কোনো তথ্য দিতে রাজি হননি। আয়ুষ্কালের অর্ধেক সময়েই ভবন পরিত্যক্ত ঘোষণার বিষয়ে জানতে চাইলে গণপূর্ত বিভাগ শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। তা ছাড়া ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করলে এমন হতে পারে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী মাইজারা গ্রামের আবদুল জব্বার বলেন, ‘গতকাল থেকেই ভবনটিতে ভয় ও আতঙ্কের মধ্যে ছিলাম। আজ (গতকাল) দুপুরে আমাদের পাশের একটি ভবনে নিয়ে আসা হয়েছে।’ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুন আহমেঞ্চদ বলেন, ‘গতকাল ভবনটি এক হতে দেড় ফুট দেবে যাওয়ায় আমরা আতঙ্কিত হয়ে পড়ি। স্বাস্থ্য প্রকৌশল বিভাগে যোগাযোগ করলে একজন প্রকৌশলী এসে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। তখন রোগীদের হাসপাতালের আরেকটি ভবনে স্থানান্তর করা হয়।