হাসপাতাল ভাঙচুর, চিকিৎসকদের অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে, এ অভিযোগ এনে গতকাল রোববার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর ও চিকিৎসকদের অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।জানা যায়, সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামের বাসিন্দা মাইজুদ্দিনকে (৫০) গতকাল রোববার সকালে অসুস্থ অবস্থায় ৩১ শয্যাবিশিষ্ট সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁর পরিবারের সদস্যরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা ওই রোগীকে জরুরি চিকিৎসাসেবা না দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। মাইজুদ্দিনের ছেলে বদরুজ্জামান জানান, ‘মুমূর্ষু অবস্থায় আমার পিতাকে হাসপাতালে নেওয়ার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোকমান হোসেনসহ তাঁর সঙ্গীয় অন্যান্য চিকিৎসক জরুরি চিকিৎসা না দিয়ে নিজেদের রুমে গিয়ে খোশগল্পে মেতে ওঠেন। এ সময় চিকিৎসা না পেয়ে হাসপাতালে নেওয়ার এক ঘণ্টার মধ্যে আমার বাবার মৃত্যু হয়।’এদিকে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে, এ খবর সোনারগাঁ পৌরসভার সর্বত্র ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী হাসপাতালে গিয়ে বিক্ষোভ শুরু করে চিকিৎসকদের অবরুদ্ধ এবং হাসপাতালের বিভিন্ন আসবাব ভাঙচুর করে। খবর পেয়ে সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীকে শান্ত করে অবরুদ্ধ চিকিৎসকদের উদ্ধার করেন।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম জানান, ঢাকার পার্শ্ববর্তী উপজেলার এ হাসপাতালটিতে সময়মতো চিকিৎসকেরা আসেন না এবং তাঁদের গাফিলতিতে চিকিৎসাসেবার মান একেবারে ভেঙে পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোকমান হোসেন জানান, ‘আমরা রোগীটিকে বাঁচাতে চেষ্টা করেছিলাম। আমাদের দায়িত্বে কোনো অবহেলা ছিল না।’সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগরিকা নাসরিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।