হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করা হয়েছে। চিকিৎসক, নার্স ও কর্মচারীরা গতকাল বুধবার সকাল আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যার ওই হাসপাতালের কর্মীরা গতকাল কয়েক দফা বিক্ষোভ মিছিল করেন এবং ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময় বহির্বিভাগ বন্ধ থাকায় রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়কের অনুরোধে সকাল সাড়ে ১০টায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়।চিকিৎসা তত্ত্বাবধায়ক শফিউল আজম অভিযোগ করেন, কয়েকজন লোক গত মঙ্গলবার রাতে মৃত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকেরা ওই ব্যক্তির লাশ নিয়ে যেতে বললে সংশ্লিষ্ট লোকজন চিকিৎসক, নার্স ও কর্মচারীদের ওপর হামলা এবং হাসপাতালে ভাঙচুর চালায়।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, ভাঙচুর, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি ও চিকিৎসকদের লাঞ্ছিত করার অভিযোগে আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজিম উদ্দিন খান মামলা করেছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।