নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে হাসপাতাল বন্ধের দাবিতে ভাঙচুর ও সড়ক অবরোধ করা হয়। রোগীর স্বজন ও এলাকাবাসী গতকাল শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া বাজারে ওই ঘটনা ঘটান।
নিহত প্রসূতির স্বামী আলমগীর হোসেন জানান, গত ৩০ আগস্ট তাঁর স্ত্রী বিউটি আক্তারের প্রসবব্যথা উঠলে তাঁকে মুড়াপাড়ার মার্জিনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের উদ্দেশ্যে চিকিৎসক অচেতন করার ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর স্ত্রীর মৃত্যু হয়।
পুলিশ জানায়, ওই ঘটনার সাত দিন পর গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নিহত বিউটির স্বজন ও এলাকাবাসী হাসপাতাল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর করেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী রূপসী-কাঞ্চন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মিয়া জানান, প্রসূতির মৃত্যু ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।