গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে গৃহবধূ শেফালী রানীর মৃত্যুর ঘটনায় ভুল চিকি ৎসার অভিযোগ এনে মামলা হয়েছে। গতকাল সোমবার শেফালী রানীর স্বামী সচীন্দ্র চন্দ্র সরকার হাসপাতালের মালিক সবুজ রেজা এবং সেবিকা স্বপ্না খাতুন ও নাজমা আক্তারের বিরুদ্ধে অভিযোগ জানালে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে। লিখিত অভিযোগে বলা হয়েছে, কান্দাপাড়া এলাকার বাসিন্দা শেফালী রানীকে তাঁর স্বামী সচীন্দ্র চন্দ্র সাহেব বাজার এলাকার পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সম্প্রতি মাসিক নিয়মিতকরণ (এমআর) করাতে নিয়ে যান। সেখানে সবুজ রেজা নিজেকে চিকি ৎসক হিসেবে পরিচয় দিয়ে এমআর করেন। স্বপ্না ও নাজমা তাঁকে সহযোগিতা করেন। কিন্তু ভুল চিকি ৎসার কারণে শেফালী রানীর জরায়ু ছিদ্র হয়ে রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার অবনতি হলে তাঁকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ২০ দিন ভুগে গত শুক্রবার শেফালী মারা যান। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেছেন, সবুজ রেজা এসএসসি পাস। কিন্তু তিনি নিজেকে চিকি ৎসক হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, অধিকতর তদন্ত করে সবুজ রেজাকে গ্রেপ্তার করা হবে।