হাসপাতাল সংরক্ষণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেনারেল হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানো, চিকিৎসাসেবার মান বৃদ্ধি এবং হাসপাতালটি সংরক্ষণে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় নাগরিকেরা। গতকাল মঙ্গলবার নগরের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন করে এই আহ্বান জানানো হয়।

‘সদর হাসপাতাল বাঁচাও, স্বাস্থ্যসেবা নিশ্চিত কর’ দাবিসংবলিত এ মানববন্ধনের আয়োজন করে বরিশাল সদর হাসপাতাল সংরক্ষণ ও চিকিৎসাসেবা উন্নয়ন কমিটি। পরে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর বরাবর স্মারকলিপিও দেওয়া হয়।

১৮১০ সালে দক্ষিণাঞ্চলের সাধারণ ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবার জন্য বরিশাল শহরে ১২ একর সম্পত্তির ওপর প্রতিষ্ঠা করা হয় সদর (জেনারেল) হাসপাতাল। ১৯৬৮ সালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা হওয়ার পর এই হাসপাতালকেমেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যুক্ত করা হয়। ফলে মেডিকেল কলেজ হাসপাতালের সব বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সরাসরি এই হাসপাতালের সঙ্গে যুক্ত হন। এর পরিচালনার দায়িত্বও ছিল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের ওপর। বর্তমানে ১০০ শয্যার এই হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিচ্ছিন্ন করে সিভিল সার্জনের অধীন দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, এই উদ্যোগ হাসপাতালটিকে ধ্বংস করার একটি পরিকল্পনা। অবিলম্বে সদর হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যুক্ত করতে হবে। একই সঙ্গে ১০০ শয্যা থেকে বাড়িয়ে ২৫০ শয্যায় উন্নীত করতে হবে। তাঁরা আরও বলেন, সিভিল সার্জনের অধীন জেলা হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকসংকট লেগেই থাকে। মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে থাকলে এই সমস্যা থাকে না। তাই অনতিবিলম্বে বরিশাল জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত করে হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

বরিশাল সদর হাসপাতাল সংরক্ষণ ও চিকিৎসাসেবা উন্নয়ন কমিটির আহ্বায়ক কাজল ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে প্রবীণ চিকিৎসক সৈয়দ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ আনিচুর রহমান, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ কে আজাদ, শিক্ষক নেতা মহসিন উল ইসলাম, অধ্যক্ষ ফরিদুল আলম, আমিনুর রহমান, নারী নেত্রী রহিমা সুলতানা, সমন্বয় পরিষদের সাবেক সভাপতি শান্তি দাস প্রমুখ বক্তব্য দেন।