
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দুটি তলা বেসরকারি হাসপাতালকে ভাড়া দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় ভবনের সামনে আলমডাঙ্গা যুবসমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় যুবসমাজের পক্ষে বক্তব্য দেন গত বছর বিলুপ্ত করা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাদিকুর রহমান। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ঘেঁষে রয়েছে মুক্তিযোদ্ধা মঞ্চ ও ১০০ গজ দূরে আছে উপজেলা মঞ্চ। সেখানে বিভিন্ন জাতীয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী ও বিজয়মেলার আয়োজন করা হয়। কিন্তু হাসপাতাল চালুর কারণে সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। তাই হাসপাতালটি অন্যত্র সরিয়ে নেওয়া হোক। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ওই দুটি তলার ১২টি কক্ষ ভাড়া দেওয়া হয়েছে।