হাসপাতালটি এখন কেবল নামেই

জরুরি বিভাগ লেখা দরজা দিয়ে দেখা যাচ্ছে, ভেতরে মশারি টানানো। খাটের খুঁটির সঙ্গে ঝুলছে রঙিন শার্ট। আছে নিত্যব্যবহার্য অন্যান্য সামগ্রীও। জরুরি বিভাগ আছে, কিন্তু সেখানে কোনো রোগী নেই। আছেন কয়েকজন নিরাপত্তাকর্মী।
রাজধানীতে ঢাকা চিড়িয়াখানা সড়কে মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য তৈরি করা ট্রাস্ট আধুনিক হাসপাতালের এই চিত্র। একসময় জরুরি বিভাগটি ‘২৪ ঘণ্টা চালু’ ছিল, সে লেখাটি এখন অস্পষ্ট। কাগজে-কলমে ১৯৯৫ সালে এ হাসপাতাল বন্ধ হয়ে গেছে। এটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, হাসপাতালটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। মিরপুরের হাসপাতালের জায়গায় শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বহুতল ভবন করার একটি পরিকল্পনা চলছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মরিচা ধরা হাসপাতাল ফটকে বড় সাইনবোর্ড, মহিলা ওয়ার্ড সার্জারি, মেডিকেল কলেজ, বায়োকেমেস্ট্রি ল্যাব লেখা (চোখে ছানি পড়ার মতো ঝাপসা হয়ে যাওয়া) নামফলকগুলো মনে করিয়ে দেয় এটি একটি হাসপাতাল। পাঁচতলা ভবনের তালা দেওয়া কলাপসিবল গেটের ভেতরে একটি অ্যাম্বুলেন্স নষ্ট অবস্থায় পড়ে আছে। বাইরে দুটি বড় বড় অ্যাম্বুলেন্সের গায়ে লেখা ‘আধুনিক হাসপাতাল’। এলাকাবাসীর একজন স্মৃতি হাতড়ে জানালেন, এই অ্যাম্বুলেন্সের ভেতরেই একসময় দু-তিনজনের একসঙ্গে অস্ত্রোপচার করার মতো ব্যবস্থা ছিল। বিদেশি অনুদানে পাওয়া অ্যাম্বুলেন্সের ফাঁকফোকরে এখন বড় বড় গাছ গজিয়েছে। অ্যাম্বুলেন্সের পাশেই পড়ে আছে কার, অটোরিকশাসহ আরও কয়েকটি গাড়ি। এগুলোকে এখন গাড়ির কঙ্কাল বলাই ভালো।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। ১৪ শতাংশ জমিতে প্রতিষ্ঠিত হাসপাতালটি বন্ধ হয় ১৯৯৫ সালে।
হাসপাতাল ভবনে কোনো এক সময় বড় বড় লেখা ছিল, ‘হাসপাতাল ভাড়া দেওয়া চলবে না’। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নাজির আহমেদ চৌধুরী জানালেন, হাসপাতালের জায়গায় প্রথমে আশির দশকে ২২ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে পুনর্বাসন করা হয়। পরে সেখানে হাসপাতাল নির্মাণ করা হয় ফ্রান্সের আর্থিক অনুদানে। বিএনপি সরকার ইসলামী উম্মা নামের একটি সংগঠনকে হাসপাতালটি লিজ দেয়। তারা হাসপাতালের সঙ্গে উম্মা মেডিকেল কলেজ গড়ে তোলে।
মিরপুরের মুক্তিযোদ্ধা পুনর্বাসন সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি নিজাম উদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, ‘হাসপাতাল চালু হইতে হইতেই তো বন্ধ হইয়া গেল। এখন আমরা চাই হাসপাতালটি আবার চালু হোক।’
হাসপাতালটি আবার চালু হবে কি না জানতে চাইলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক (শিল্প, বাণিজ্য) আ ন আহম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘এখন আর হাসপাতালের বিষয়টি আমাদের হাতে নেই। অনেক আগে থেকেই তা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকলেও কোনো কাজ হয়নি। মাস ছয়েক আগে আবার মন্ত্রণালয়ের কাছে সব কাগজপত্র দেওয়া হয়েছে।’