হাসপাতালটি নিজেই ধুঁকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিছলে পড়ে পায়ের নখ উপড়ে গেছে আবদুল বাতেনের (৪৫)৷ জরুরি বিভাগের চিকিৎসককে দেখিয়েছেন। ব্যবস্থাপত্রে ছয় ধরনের ওষুধের নাম লিখে দেন চিকিৎসক৷ তবে ব্যবস্থাপত্র নিয়ে হাসপাতালের ফার্মেসিতে গিয়ে কোনো ওষুধ মেলেনি৷ এই দৃশ্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের৷
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এমন অভিযোগ শোনার পর ফার্মেসিতে কর্মরত (ফার্মাসিস্ট) মো. শহিদের সঙ্গে যোগাযোগ করা হয়৷ এ সময় তিনি এ প্রতিবেদককে বলেন, আজ (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ দিন৷ তাই ওষুধ শেষ হয়ে গেছে। প্যারাসিটামলও নেই।
এরপর হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ডে গিয়ে দেখা যায়, রোগীরা ময়লা বেডে শুয়ে-বসে রয়েছেন৷ আশপাশের পরিবেশও নোংরা। একটু দাঁড়ালেই দুর্গন্ধের কারণে দম বন্ধ হয়ে আসে৷ বেডের পাশে থাকা খাবারের ট্রলিতে মরিচা পড়ে গেছে৷
মহিলা ওয়ার্ডে তিন দিন ধরে পেটের ব্যথার জন্য চিকিৎসা নিচ্ছেন সদর উপজেলার রনছ সুবেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর স্বজন শামুসন নাহার বলেন, হাসপাতালের শৌচাগারে নোংরা পানি ও আবর্জনা উপচে পড়ছে৷ দুর্গন্ধের কারণে সেখানে যাওয়াই যায় না। পাশের বেডের আরেক রোগীর স্বজন শামসুন্নাহার বলেন, ‘হাসপাতালে সুস্থ অবস্থায় এসেছি৷ কিন্তু নোংরা পরিবেশের কারণে অসুস্থ হয়ে পড়ছি৷’ পুরুষ ওয়ার্ডের ১৮ নম্বর বেডে চিকিৎসাধীন মো. দুলাল বলেন, সকালের খাবার দুপুরে দেওয়া হচ্ছে৷ কোনো কিছুতেই নিয়ম মানা হচ্ছে না৷
কয়েকজন রোগীর স্বজন অভিযোগ করেন, হাসপাতালের তিনটি অ্যাম্বুলেন্স সচল রয়েছে। তবে এই অ্যাম্বুলেন্স ভাড়া করতে হলে রোগীকে তিন গুণ ভাড়া গুনতে হয়। মুন্সিগঞ্জ থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে কলেজ হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার জন্য প্রতি কিলোমিটার ১০ টাকা হারে মোট ভাড়া ৫০০ টাকা হওয়ার কথা। সেখানে রোগীর কাছ থেকে ১৫০০ টাকা নেওয়া হচ্ছে৷
জনবলসংকট: ২০০৬ সালের সেপ্টেম্বরে মুন্সিগঞ্জ সদর হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যার জেনারেল হাসপাতালে উন্নীত করা হয়। কিন্তু এর জনবল সেই ৫০ শয্যার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। বর্তমানে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ (আরএমও) পাঁচজন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত আরএমওর দায়িত্ব পালন করছেন কামরুল করিম। প্রায় ১০ বছর ধরে মেডিসিন বিশেষজ্ঞ নেই। ছয় মাস ধরে অর্থোপেডিক চিকিৎসক নেই। পাঁচ মাস ধরে চক্ষু বিশেষজ্ঞ নেই। তবে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চক্ষুচিকিৎসক উৎপল ডেপুটেশনে কাজ করছেন। এক মাস ধরে রেডিওলজিস্টও নেই৷ এখন পর্যন্ত নৈশপ্রহরীর কোনো পদই সৃষ্টি করা হয়নি। পাঁচজন সুইপারের মধ্যে দুজনের পদ শূন্য রয়েছে।
কামরুল করিম বলেন, ‘এখনো ৫০ শয্যার জনবল দিয়েই আমাদের চলতে হচ্ছে। তার মধ্যে পাঁচজন চিকিৎসকের পদ শূন্য। প্রতিদিন রোগী বাড়ছে৷ এতে আমরা হিমশিম খাচ্ছি। আর কোনো চিকিৎসক অনুপস্থিত থাকলে সেদিন মারাত্মক সমস্যায় পড়তে হয়।’