হাসপাতালটিই যেন রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০০ শয্যার হাসপাতাল; কিন্তু রোগীর সংখ্যা তার চেয়েও বেশি। ফলে প্রতিদিন বহু রোগীকে বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এ চিত্র গত শনিবারের l ছবি: এম সাদেক
৫০০ শয্যার হাসপাতাল; কিন্তু রোগীর সংখ্যা তার চেয়েও বেশি। ফলে প্রতিদিন বহু রোগীকে বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এ চিত্র গত শনিবারের l ছবি: এম সাদেক

‘অকেজো’ আর ‘নেই’ দিয়েই চলছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে রোগীর চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় লোকবলের যেমন ঘাটতি আছে, তেমনি অতি জরুরি যন্ত্রপাতিও অকেজো হয়ে পড়ে আছে। কোনো কোনোটি চলছে ধুঁকে ধুঁকে।
হাসপাতাল ঘুরে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের একমাত্র সিটি স্ক্যান মেশিনটি ২০০৯ সাল থেকে নষ্ট। তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে দুটি অচল, এক্স-রে মেশিন ছয়টির মধ্যে চারটি বিকল, ইসিজি মেশিন চারটির মধ্যে তিনটি নষ্ট, বায়োকেমিস্ট্রির অ্যানালাইজের একটি মেশিন নষ্ট, মেমোগ্রাফির একটি যন্ত্র অচল, আলট্রাসনোগ্রাফি মেশিনের আটটির মধ্যে পাঁচটি বিকল, দন্ত শাখার দুটি মেশিনই নষ্ট, ব্রঙ্কসকপির একমাত্র যন্ত্রটি দীর্ঘদিন থেকে অচল রয়েছে। ইকো কার্ডিওগ্রাফির একটি মেশিনও বিকল। চারটি লিফটের মধ্যে তিনটিই নষ্ট।
হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইকো কার্ডিওগ্রাফি মেশিনটি সচল করার জন্য কমপক্ষে ৫০ বার চিঠি দেওয়া হয়েছে। ডিজিটাল এক্স-রে মেশিন দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও সাড়া মেলেনি। সিটি স্ক্যান মেশিন রাখার কক্ষটি স্যাঁতসেঁতে।
১৯৯২ সালে ২৫০ শয্যা নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু হয়। ২০০৯ সালে এর শয্যাসংখ্যা ২৫০ থেকে বাড়িয়ে ৫০০তে উন্নীত করা হয়। তবে প্রতিদিন রোগী ভর্তি থাকে গড়ে আট শতাধিক। বহির্বিভাগে চিকিৎসা নেয় কয়েক হাজার। কিন্তু সে অনুযায়ী জনবল পদায়ন করা হয়নি। বর্তমানে হাসপাতালে চিকিৎসক কর্মকর্তার ১৫২টি পদের মধ্যে ২৭টি, জ্যেষ্ঠ স্টাফ নার্সের ৪৪ পদের মধ্যে ৩৪টি, চতুর্থ শ্রেণির কর্মচারীর ১১৬টি পদের মধ্যে ৬৪টি শূন্য আছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা ৯২।
হাসপাতালের আবাসিক সার্জন মো. আবদুল আউয়াল বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহত্তর কুমিল্লার তিন জেলা (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর) এবং বৃহত্তর নোয়াখালীর তিন জেলাসহ (নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর) ছয় জেলার রোগীরা এসে ভর্তি হয়। কিন্তু পর্যাপ্ত শয্যা না থাকার কারণে হাসপাতালের মেঝেতেও অনেককে চিকিৎসা নিতে হয়।
হাসপাতালের রেকর্ড অনুযায়ী ৩ মার্চ ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ৮০৭ জন। ৫ মার্চ হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরে দেখা গেল, বহু রোগীর ঠাঁই হয়েছে মেঝেতে। পানের পিক ফেলে দেয়াল ও সিঁড়িগুলো নোংরা করে রাখা হয়েছে। সবচেয়ে নাজুক অবস্থা জরুরি ও ক্যাজুয়ালটি বিভাগের। ভবনটির সংস্কারকাজে ব্যবহৃত পানি পড়ে দোতলার মেঝে কর্দমাক্ত। আর সেখানেই বিছানা পেতেছে মারাত্মক আঘাত পাওয়া কয়েকজন রোগী। কারও পায়ে প্লাস্টার, কারও হাতে বা শরীরে ব্যান্ডেজ। এই অবস্থায় রোগীর ইনফেকশন হওয়ার আশঙ্কা বেশি।
হাসপাতালের চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা প্রসঙ্গে পরিচালক স্বপন কুমার অধিকারীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বহুবার চিঠি লেখা হলেও প্রতিকার পাওয়া যায়নি। হাসপাতালের দাপ্তরিক রেকর্ড থেকে জানা যায়, ২ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত চিঠিতে হাসপাতালের পরিচালক জরুরি ভিত্তিতে শিশু বিভাগের জন্য দুটি পোর্টেবল আলট্রাসাউন্ড মেশিন, একটি কালার ডপলার অটোমেশিন, ১টি ল্যাপরোস্কোপ মেশিন সরবরাহের অনুরোধ জানান। এর আগে ৭ জানুয়ারি রেডিওলজি অ্যান্ড জরুরি বিভাগের জন্য দুটি আলট্রাসাউন্ড মেশিন, একটি সিটি স্ক্যান মেশিন, একটি ডিজিটাল এক্স-রে মেশিন ৫০০ এমএ এবং একটি কালার ডপলার সরবরাহের অনুরোধ জানানো হয়। কিন্তু এখনো নতুন মেশিন সরবরাহ কিংবা পুরোনো মেশিন মেরামতের কোনো উদ্যোগ নেই।
ফলে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বেশির ভাগ পরীক্ষাই করাতে হয় বাইরে থেকে বাড়তি পয়সা দিয়ে। হাসপাতালের অবকাঠামোগত সমস্যা নিয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হাসপাতাল একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। কিন্তু দায়িত্বপ্রাপ্তরা নির্মাণের আগে চিকিৎসকদের পরামর্শ নেন না। অনেক সময় ভবন ও কক্ষগুলো এমনভাবে নির্মাণ করা হয়, যা হাসপাতালের উপযুক্ত নয়। এ সমস্যা কেবল কুমিল্লা হাসপাতালে নয়, সব হাসপাতালেই কমবেশি রয়েছে।
কর্তৃপক্ষ শয্যাসংখ্যা ৭৫০-এ উন্নীত করার পক্ষে যুক্তি দেখিয়ে বলেছে, কুমিল্লা ছাড়াও পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী থেকে রোগী আসছে। হাসপাতালে বর্তমানে চার শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট চালু আছে। কিন্তু প্রতিদিন গড়ে ৩০ জন রোগী এ বিভাগে ভর্তি হয়। সে কারণে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট প্রতিষ্ঠার জন্য আইসিইউ ভবনের নির্মাণকাজ শেষ করতে হবে, আনুষঙ্গিক যন্ত্রপাতি সরবরাহ করতে হবে, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও প্রশিক্ষণ দিতে হবে।
দেশের অন্যান্য সরকারি হাসপাতালে যেসব সমস্যা আছে, কুমিল্লা তার থেকে ব্যতিক্রম নয়। রোগীর তুলনায় শয্যাসংখ্যা কম, বহির্বিভাগে অতিরিক্ত ভিড়, প্রয়োজনীয় চিকিৎসকের অভাব। তবে বেসরকারি ক্লিনিকে রোগী ভাগিয়ে নেওয়ার ঘটনা এখানে কম। কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা বেশির ভাগ ওষুধই বাইরে থেকে কেনেন। পরীক্ষাও হয় বাইরে।
মেডিসিন বিভাগে কথা হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এক রোগীর সঙ্গে। তাঁর গলায় টিউমার। তিনি বা তাঁর সঙ্গে থাকা স্বজনেরা জানেন না, অসুখটি কী। সকাল ১০টা পর্যন্ত কোনো চিকিৎসক আসেননি। একজন নার্স একবার দেখে গেছেন।
হাসপাতালের নোংরা পরিবেশ সম্পর্কে একজন চিকিৎসকের মনোযোগ আকর্ষণ করলে তিনি লোকবলের অভাব এবং অতিরিক্ত রোগীর দোহাই দেন। তাঁর দাবি, রোগীর সঙ্গে অতিরিক্ত স্বজন থাকায় হাসপাতাল পরিচ্ছন্ন রাখা যাচ্ছে না। আবার তাদের জোর করেও তো বের করে দেওয়া যায় না।
রোগীর খাবারের মান সম্পর্কে হাসপাতালের পরিচালক জানান, একজন রোগীর তিন বেলা খাওয়ার জন্য বরাদ্দ মাত্র ১২৫ টাকা। বর্তমান বাজারে এ দিয়ে পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয়। এ ছাড়া খাবার বরাদ্দ দেওয়া হয় নির্ধারিত ৫০০ শয্যার হিসাবে। তাদের খাবারই ভাগ করে দিতে হয় বাড়তি রোগীদের।