হাসপাতালসহ শতাধিক গ্রাম বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের পরে গত পাঁচ দিন রাজশাহীর শতাধিক গ্রামে বিদ্যুৎ নেই। গতকাল সন্ধ্যা পর্যন্ত জেলার গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকায় এইচএসসি পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে। কোনো কোনো গ্রামের মুঠোফোনে চার্জ দেওয়ারও ব্যবস্থা নেই।
রাজশাহীর তানোর, গোদাগাড়ী, মোহনপুর, পবা ও দুর্গাপুর উপজেলা রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে। তবে গোদাগাড়ী ও তানোর উপজেলা সদর আবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অধীনে। বাঘা ও চারঘাট উপজেলা নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে। আর বাগমারা ও পুঠিয়া উপজেলা নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর অধীনে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার কোনো উপজেলার সবগুলো গ্রামে গত পাঁচ দিনেও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি। এখনো শতাধিক গ্রাম বিদ্যুৎহীন রয়েছে। গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শনিবার রাত থেকে বিদ্যুৎ নেই। সেখানে কোনো জেনারেটরেরও ব্যবস্থা নেই। আইপিএসের ব্যাটারিরও চার্জ শেষ হয়ে গেছে। বিদ্যুৎ না থাকায় হাসপাতালে গত রবি ও গতকাল বুধবার বন্ধ্যাকরণ-সংক্রান্ত অস্ত্রোপচার বন্ধ রাখতে হয়েছে। পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা এমরান আলী জানান, পাইলসের সমস্যা নিয়ে গত শনিবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ রাতে একটা মোমবাতিও সরবরাহ করেনি। হাসপাতালের হারিকেনে তেলও ছিল না। রোগীরা টাকা দিয়ে কেরোসিন কিনে হাসপাতালের হারিকেন জ্বালিয়েছেন। কাজল লতা তাঁর মেয়ে জয়ন্ত রানীকে (৯) নিয়ে এই হাসপাতালে রয়েছেন। তিনি জানান, রাতের অন্ধকার, মশা আর বাথরুমের দুর্গন্ধে হাসপাতালে টেকা যাচ্ছে না। মেয়ে সুস্থ না হওয়ায় হাসপাতাল ছেড়ে যেতেও পারছেন না।
হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসেন আলী বলেন, ‘জেনারেটর নাই, বিদ্যুৎও নাই। আমাদের কিছু করার নেই। রেফ্রিজারেটরে ওষুধগুলো আজ (বুধবার) পর্যন্ত আইস প্যাডে দিয়ে রেখেছি। রাতের মধ্যে বিদ্যুৎ না আসলে রাজশাহীতে পাঠাতে হবে।’
গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ সরবরাহ না থাকার ব্যাপারে পিডিবির সহকারী প্রকৌশলী আইনুল হক জানান, শনিবারের ঝড়ে যে চারটা খুঁটি কাত হয়ে গিয়েছিল সেগুলো পোঁতা হয়েছিল। কিন্তু নরম মাটির কারণে আবার কাত হয়ে গেছে। এ জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।
তানোর উপজেলার বাধাইড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান জানান, তাঁর ইউনিয়নের আটটি গ্রামে শনিবার থেকে বিদ্যুৎ নেই। পরীক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেকের বাড়িঘর ভেঙে গেছে। তাঁরা অন্ধকারে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
পাঁচন্দর ইউনিয়নের পানিয়াল গ্রামের ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, শনিবার রাত থেকে তাঁদের বিদ্যুৎ নেই। তাঁদের মুঠোফোনগুলোও চার্জ দিতে পারছেন না। পরীক্ষার্থীদের পড়াশোনারও চরম ক্ষতি হচ্ছে।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রদীপ কুমার দে জানান, প্রায় ৯৫ ভাগ লাইন তাঁরা ঠিক করে ফেলেছিলেন। গত মঙ্গলবারের ঝড়ে আবার সব এলোমেলো হয়ে গেছে। গতকাল সন্ধ্যায় তিনি জানান, তাঁদের ৩৫টি ফিডারের মধ্যে ৩০টি ঠিক হয়েছে। তবে অনেকের বাড়িঘর উড়ে গিয়ে মিটার নষ্ট হয়ে গেছে। তাই ফিডার ঠিক হলেও তাঁরা বিদ্যুৎ পাচ্ছেন না।
জেলার চারঘাট ও বাঘা উপজেলার শুধু উপজেলা ও পৌরসভা সদরে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। গ্রামগুলো অন্ধকারেই রয়েছে। বাঘা উপজেলার দিঘা গ্রামের কলেজশিক্ষক গোলাম তোফাজ্জল কবির জানান, দিঘা বাজারে একটি জেনারেটর রয়েছে। সেখানে পাঁচ টাকা করে মুঠোফোন চার্জ দেওয়া হচ্ছে। শত শত মানুষ সারিবদ্ধভাবে সেখানে মুঠোফোন জমা দিচ্ছেন। তিনি জানান, এইচএসসি পরীক্ষা চলছে। ১৮ আগস্ট থেকে ডিগ্রি পরীক্ষা শুরু হবে। এই শিক্ষার্থীরা বিদ্যুৎ না থাকায় পড়াশোনা করতে পারছেন না। তাঁদের পরীক্ষার প্রস্তুতির চরম ক্ষতি হচ্ছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির চারঘাট জোনের উপমহাব্যবস্থাপক আবদুল কাদের জানান, শনিবারের ঝড়ে তাঁদের ৩১টি খুঁটি ভেঙে যায়। সেগুলো ঠিক করতে না-করতেই মঙ্গলবার আবার ছয়টি খুঁটি ভেঙে গেছে। এ কারণে চারঘাট ও বাঘার সব গ্রামে এখনো বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। তাঁরা চেষ্টা করছেন। দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।