হাসপাতালে অজ্ঞাত তরুণীর লাশ, বিপাকে কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা এক তরুণীর (২০) লাশ নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুরে দুই নারী ও এক পুরুষ ওই তরুণীকে হাসপাতালে রেখে চলে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে জেলা শহরের টাউন হল মোড় এলাকায় রাস্তার পাশে বমি করতে দেখে ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন দুই নারী ও এক পুরুষ। কিন্তু হাসপাতালে আনার আগেই তরুণীর মৃত্যু হয়। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তরুণীর কোনো পরিচয় পাওয়া যায়নি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, হাসপাতালে আনার আগেই ওই তরুণী মারা যান। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
আরএমও আরও বলেন, তরুণীর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সন্ধ্যায় সুধারাম থানার পুলিশকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, হাসপাতাল থেকে বিষয়টি থানায় জানানো হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত কেউ তরুণীর সন্ধানে থানায় আসেনি।
আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের পরও যদি কেউ না আসে, তাহলে বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।