হাসপাতালে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধা শহরের ডিবি রোডে গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গাইবান্ধা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও চিকিৎসকদের গাফিলতির প্রতিবাদে গাইবান্ধা নাগরিক কমিটি, গাইবান্ধা চেম্বার, নাগরিক পরিষদ ও গাইবান্ধা প্রেসক্লাবের ডাকে এই কর্মসূচি পালিত হয়।পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। শহরের ডিসি অফিস থেকে পূর্বপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে সাংবাদিক, সংস্কৃতিকর্মী, রাজনীতিক, আইনজীবী, ব্যবসায়ী, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন পেশার তিন সহস্রাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালীন সময়ে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ সরকার, পৌর মেয়র শামছুল আলম, নাগরিক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম, সাংবাদিক আবু জাফর, চেম্বার সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির, সিরাজুল ইসলাম, রণজিৎ বকসি, জিয়াউল হক প্রমুখ।গাইবান্ধার সিভিল সার্জন শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, অনিয়ম-দুর্নীতি ও চিকিৎসকদের গাফিলতির অভিযোগ ঠিক নয়। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল নেই। এ কারণে কিছুটা সমস্যা হতে পারে।