হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মাতৃছায়া প্রাইভেট হাসপাতাল (লি.) কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।ওই নবজাতকের মামা হারুনুর রশিদ বলেন, তাঁর বোন রেহানা আক্তার (২০) গত শনিবার রাতে স্বামীর বাড়িতে ছেলেসন্তান প্রসব করেন। এরপর তাঁর সন্তান অসুস্থ হয়ে পড়লে রাত ১১টার দিকে তাকে মাতৃছায়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুরোগ বিশেষজ্ঞ ইফতেখার উল হক তাকে চিকিৎসা দেন। এতে নবজাতকের অবস্থার উন্নতি হয়। পরদিন রোববার সকালে সে আবার অসুস্থ হয়ে পড়ে। নবজাতকের মা ও স্বজনেরা তাৎক্ষণিকভাবে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। কিন্তু কর্তৃপক্ষ কোনো চিকিৎসক না ডেকে টালবাহানা করতে থাকে। পরে নবজাতকের অবস্থার মারাত্মক অবনতি ঘটে। বিকেল পাঁচটার দিকে নবজাতকের স্বজনেরা চিকিৎসককে না ডাকার কারণ জানতে চান। এ নিয়ে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা তুহিন চৌধুরীর সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে নবজাতকের স্বজনদের সঙ্গে হাসপাতালের ব্যবস্থাপক মো. লিটনের হাতাহাতি হয়। পরে ওই নবজাতককে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নবজাতকের মা রেহানা আক্তার অভিযোগ করেন, ‘মাতৃছায়া হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় আমার ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমরা মামলা করব।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাতৃছায়া হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা তুহিন চৌধুরী বাদানুবাদ ও হাতাহাতির কথা স্বীকার করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি সঠিক নয় বলে তিনি দাবি করেন।