রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরের অবৈধ ক্লিনিক ও প্যাথলজিগুলোতে অব্যবস্থাপনা বন্ধে বিশেষ বাহিনী দিয়ে অভিযান চালানোর আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার নগরের গণকপাড়া মোড়ে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি লিয়াকত আলী। বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ভাষাসৈনিক মোশাররফ হোসেন, অ্যাডভোকেট হামিদুল হক, অঙ্কুর সেন, নারীনেত্রী কল্পনা রায় প্রমুখ।বক্তারা বলেন, রাজশাহীর চিকিৎসা-ব্যবস্থা ভেঙে পড়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীরা চিকিৎসার বদলে দুর্ব্যবহার ও লাঞ্ছনার শিকার হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কতিপয় অসাধু চিকিৎসক নিয়মনীতির তোয়াক্কা না করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সময় দিচ্ছেন।বক্তারা অবিলম্বে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসকদের তালিকা ঝোলানো, রাতের বেলা চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, ওষুধ ও যন্ত্রপাতি কেনার জন্য হাসপাতালে প্রয়োজনীয় বরাদ্দ, ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে পরিণত করা এবং নগরের হাসপাতাল, ক্লিনিক ও প্যাথলজিগুলোতে অব্যবস্থাপনা বন্ধে সরকারের বিশেষ বাহিনী দিয়ে অভিযান চালানোর দাবি জানান।