হাসপাতালে অভিযান, দালালসহ ২৩ জনের দণ্ড
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল, রোগ নির্ণয় কেন্দ্রের মালিকসহ ২৩ জনকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
আজ সোমবার সকালে র্যাব-৬ ওই অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আল মামুন। দণ্ড পাওয়া ২১ দালালের মধ্যে ২০ জনই নারী।
আটক ব্যক্তিদের মধ্যে লাইলী বেগম, রানু বেগম, ফরিদা বেগম, মমতাজ বেগম, নাসিমা বেগম, সুমি, সাপি বেগম, রমিনা বেগম, সালমা, সাবিনা বেগম, মুন্নি বেগম, কাজল বেগম, খাদিজা বেগম, ফাতেমা বেগম, স্বপ্না, রাবেয়া বেগম, মেজেরুন নেছা এবং মো. রিপনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রুমা নামের একজনের ছোট বাচ্চা থাকায় মানবিক দিক বিবেচনা করে তাঁকে দুই হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ফরিদা নামের এক দালালকে ১০ দিন এবং সুগন্ধা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. সেলিমকে ১৫ দিন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগের ভিত্তিতে র্যাব ওই হাসপাতালের ক্যানটিনেও অভিযান চালায়। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, রেফ্রিজারেটরে পচা ও বাসি খাবার সংরক্ষণ করায় ওই ক্যানটিনের মালিক মো. হুমায়ুন কবিরকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
হাসপাতালে অভিযানে ছিলেন র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান। তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে গত কয়েক মাস আগ থেকে হাসপাতালে নজরদারি বাড়ানো হয়। নজরদারিতে দেখা গেছে, হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগী আসেন। আর তাঁদের ঘিরে তিন শতাধিক দালাল সক্রিয় রয়েছে।
এনায়েত হোসেন আরও বলেন, গ্রামাঞ্চল থেকে যেসব রোগী আসে, দালাল চক্র তাদের ভুল বুঝিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, ল্যাব এবং বাইরের চিকিৎসকদের কাছে নিয়ে যায়। এতে সরকারি হাসপাতালের সেবা পাওয়া থেকে তারা বঞ্চিত হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতাল-সংশ্লিষ্ট ব্যক্তিরাও যদি এসব ঘটনার সঙ্গে যুক্ত থাকেন, তবে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের সেবা নিশ্চিত করতে খুলনার বিভিন্ন হাসপাতাল পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান এনায়েত হোসেন। পর্যায়ক্রমে সেগুলোতেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে র্যাব অভিযান চালিয়ে আট দালালকে আটক করে। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।