হাসপাতালে অভিযান পরিচালনা থেকে বিরত থাকার চিঠি নিয়ে হাইকোর্টের রুল
সরকারি ও বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা থেকে বিরত থাকা এবং ভবিষ্যতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার প্রয়োজন দেখা দিলে স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে তা করা যাবে, স্বাস্থ্যসেবা বিভাগের এমন চিঠি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত চিঠিটি ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (জননিরাপত্তা বিভাগ) বরাবরে পাঠানো হয়।
চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী রফিকুল ইসলাম ১৮ আগস্ট রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়াদিয়া জামান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়েম মো. মুরাদ।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিব ও আইনসচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। তবে চিঠির কার্যকারিতায় স্থগিতাদেশ দেওয়া হয়নি। ফলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত ওই চিঠির কার্যকারিতা বহাল থাকছে।
‘দেশের সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনা’ বিষয়ক ওই চিঠির ভাষ্য, করোনা মহামারির প্রাদুর্ভাবের পরে দেশের সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নানা বিষয়ে অভিযান পরিচালনা করছেন। একটি হাসপাতালে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করায় হাসপাতালগুলোর স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এ কারণে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের চাপা অসন্তোষ বিরাজ করছে।
আরও বলা হয়, ইতিমধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর সার্বিক কার্যক্রম পরিবীক্ষণ করার জন্য একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে,যেখানে জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাও সদস্য হিসেবে আছেন। ভবিষ্যতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অপারেশন পরিচালনার প্রয়োজনীয়তা দেখা দিলে স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে তা করা যাবে।
চিঠির শেষাংশের ভাষ্য, এ অবস্থায় যেকোনো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান পরিচালনা থেকে বিরত থাকা এবং জরুরি অভিযান পরিচালনার প্রয়োজনীয়তা অনুভূত হলে স্বাস্থ্যসেবা বিভাগ এবং প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সঙ্গে সমন্বয়পূর্বক পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রীর আলোচনা হয়েছে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়।
রিট আবেদনকারীর আইনজীবী ইয়াদিয়া জামান প্রথম আলোকে বলেন, চিঠিতে অপারেশন পরিচালনার প্রয়োজনীয়তা দেখা দিলে স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে পরামর্শের কথা বলা হয়েছে। যদি আগে থেকে পরামর্শ করে অভিযান পরিচালনা করা হয়, তাহলে খবর ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা আলামত সরিয়েও ফেলতে পারেন। আর অভিযান থেকে বিরত থাকলে এ খাতে অনিয়ম বাড়ারও শঙ্কা রয়েছে। এসব কারণে রিটটি করা হয়।