হাসপাতালে আছে মুঠোফোনে স্বাস্থ্যসেবা, জনগণের অজানা
হাসপাতালে না এসে মুঠোফোনে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ সাফল্যের মুখ দেখেনি। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বছর দুই আগে সারা দেশের মতো মাগুরার সরকারি হাসপাতালগুলোতেও এই কার্যক্রম চালু হয়। কিন্তু এ সেবা সম্পর্কে মানুষের ধারণা না থাকায় তা কোনো কাজে আসছে না।মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস বলেন, ‘ওই সেবা সম্পর্কে কোনো দিন শুনিনি, কেউ বলেওনি।’ তিনি আরও বলেন, ‘আমি সচেতন জনগোষ্ঠীর একজন। আমিই জরুরি সেবার মোবাইল নম্বরটি জানি না। সেখানে সাধারণ মানুষ নম্বরটি কীভাবে জানবে? কীভাবে সেবা নেবে?’চিকিৎসাসেবার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৯ সালের মে থেকে সরকার দেশের ৪১৮টি সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করে। জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতাল ও কমপ্লেক্সে একটি করে মুঠোফোন দেওয়া হয়। নিয়মানুযায়ী, একজন মেডিকেল কর্মকর্তা রাতদিন ২৪ ঘণ্টা ওই মুঠোফোনের মাধ্যমে জনগণকে জরুরি চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়ার কথা। ফোন নম্বরটি জনগুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন ও প্রচারেরও সরকারি নির্দেশনা রয়েছে। জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা মাধ্যমে জনগণকে নম্বরটি জানাতে বলা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নম্বরটি প্রচার বা প্রদর্শনে উদ্যোগী না হওয়ায় মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম কার্যকর হয়নি। জনস্বাস্থ্য সেবা নয়, মূলত ফোনটি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ যোগাযোগের কাজে ব্যবহার করা হচ্ছে বলে কেউ কেউ অভিযোগ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, মাগুরা সদর হাসপাতাল, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি মুঠোফোন দেওয়া হয়েছে। এগুলোর নম্বর হলো—সদরে ০১৭৩০-৩২৪৭৯৯, শ্রীপুরে ০১৭৩০-৩২৪৬০৯, শালিখায় ০১৭৩০-৩২৪৬০৮ ও মহম্মদপুরে ০১৭৩০-৩২৪৬০৭।শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন হাজরাহাটি গ্রামের আবদুল মজিদ, আইয়ুব হোসেন, বয়রা গ্রামের সুজিৎ দাস, সরোয়ার হোসেনসহ অনেকে জানান, ওই সেবা সম্পর্কে তাঁরা কিছুই জানেন না। কেউ কোনো দিন তাঁদের বলেওনি। এঁদের মন্তব্য, হাসপাতালে গিয়েই সেবা পাওয়া যায় না। তার ওপর আবার ফোনে! মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিত্তরঞ্জন রায় বলেন, ‘মোবাইলে জরুরি চিকিৎসাসেবা দেওয়াকে ‘টেলি মেডিসিন সেবা’ বলা হয়। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ফোনে এই সেবা ও পরামর্শ দেওয়া হয়। এ ব্যাপারে কঠোর সরকারি নির্দেশনা রয়েছে। তবে যদি কেউ ওই নির্দেশ পালন না করে সে দায়দায়িত্ব তার।’ মুঠোফোনে মানুষ জরুরি চিকিৎসাসেবা পাচ্ছেন দাবি করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুকুল কৃষ্ণ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘গ্রামগঞ্জের মানুষ না জানলেও টেলিসেবা সম্পর্কে শিক্ষিত লোকজন জানেন। আমরা উপজেলা পরিষদের বৈঠকে এই সেবা সম্পর্কে বলছি। নম্বরটি সবাইকে জানাচ্ছি।’ অনেকে ফোন করে সেবাও নেন বলে দাবি করেন তিনি। মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ধরনের কোনো সেবা কার্যক্রম চালু আছে বলে আমার জানা নেই। কখনো শুনিনি।’ শ্রীপুর উপজেলার নবনিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল দাস বলেন, ‘আসলে জনগণ বিষয়টি সম্পর্কে অবগত নয়। তাই জরুরি এ সেবাটি অকার্যকর হয়ে পড়েছে। জনগণকে এই সেবা সম্পর্কে জানাতে হবে।’ নাম প্রকাশ না করার শর্তে মাগুরা সদর হাসপাতালের এক চিকিৎসক বলেন, ‘শুধু মাগুরাতেই নয়, “টেলি মেডিসিন সেবা”র এমন অবস্থা। সেবাটি কোথাও ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে না। সরকারি ওই মুঠোফোনটি চিকিৎসক-কর্মচারীরা ব্যক্তিগত বা দাপ্তরিক কাজে ব্যবহার করেন। ওই সেবা নিশ্চিত করতে হলে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়ে জনবল নিয়োগের পাশাপাশি ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে।’ জানতে চাইলে মাগুরার সিভিল সার্জন মো. শফিকুল আলম প্রথম আলোকে বলেন, এই সেবা সম্পর্কে সবাইকে জানানোর ব্যবস্থা নেওয়া হয়নি। সেভাবে প্রচারও হয় না। তবে কর্মসূচিটি চালু রয়েছে। সফল বলা যাবে না।