দুর্ঘটনার শিকার হয়ে একটি বেসরকারি হাসপাতালে গত ২৯ মে ভর্তি হন এক গৃহবধূ। কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে উঠলেও চিকিৎসার বিল পরিশোধ করতে না পারায় কর্তৃপক্ষ তাঁকে আটকে রাখে। দেড় মাসেরও বেশি সময় পরে গতকাল বুধবার বিকেলে ২০ বছর বয়সী ওই গৃহবধূকে জেলা প্রশাসক ও সহকারী পুলিশ সুপার গিয়ে উদ্ধার করেন।রংপুর পৌর শহর এলাকার বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল থেকে উদ্ধার করা হয় গৃহবধূকে।জেলা প্রশাসন সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, ওই হাসপাতালে গৃহবধূকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে শুনে বিকেলে জেলা প্রশাসক বি এম এনামুল হক ও সহকারী পুলিশ সুপার জাকির হোসেন একদল পুলিশ নিয়ে সেখানে যান। তাঁরা সেখান থেকে গৃহবধূকে উদ্ধার করে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস পরিচালিত সেফ হোমে নিয়ে যান।ওই গৃহবধূ স্থানীয় সাংবাদিকদের জানান, তাঁর বাড়ি বগুড়ার মাটিডালি এলাকায়। রংপুরের পীরগাছা উপজেলায় তাঁর বিয়ে হয়। তাঁর স্বামী ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।গৃহবধূ বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় গত ২৯ মে রংপুর শহরে তিনি দুর্ঘটনার শিকার হন। তাঁর স্বামী তাঁকে ওই হাসপাতালে ভর্তি করেন। সেখানকার চিকিৎসকেরা তাঁর পেটের বাচ্চা নষ্ট হয়েছে বলে জানিয়ে দেন। এরপর তাঁর পেটে অস্ত্রোপচার করে মৃত বাচ্চা বের করা হয়।গৃহবধূর স্বামী মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, হাসপাতালে ২১ দিন থাকার পর তাঁর স্ত্রী সুস্থ হয়ে ওঠেন। এরপর কর্তৃপক্ষ তাঁর (স্বামীর) হাতে চিকিৎসা ব্যয় হিসেবে ৩০ হাজার টাকার বিল ধরিয়ে দেয়। তিনি এত টাকা জোগাড় করতে না পেরে সেখানে আর যাননি। বিল না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর স্ত্রীকে আটকে রাখে। গৃহবধূ বলেন, গত ২০ জুন বগুড়া থেকে তাঁর মা হাসপাতালে এসে সাড়ে চার হাজার টাকা পরিশোধ করে মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁকে বাকি টাকা নিয়ে আসতে বলে। গৃহবধূ অভিযোগ করেন, তাঁকে সারাক্ষণ একটি কক্ষে আটকে রাখা হতো।হাসপাতালের চিকিৎসক জাহারাতুল ফেরদৌস বলেন, টাকা পরিশোধ করতে না পারায় তাঁকে যেতে দেওয়া হয়নি।হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম টাকা বাকি থাকায় গৃহবধূকে আটকে রাখার কথা স্বীকার করেন। পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনকে আটক করা হয়েছে।