হাসপাতালে আরামে থাকা খুনি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি রিটু দাশ ওরফে বাবলু
খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি রিটু দাশ ওরফে বাবলু

অবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আরাম-আয়েশে থাকা খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি রিটু দাশ ওরফে বাবলুকে হাসপাতাল ছাড়তে হলো। আজ সোমবার দুপুরে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রথম আলোতে ‘হাসপাতালে আরাম-আয়েশে খুনি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে কারা প্রশাসনসহ সর্ব মহলে তোলপাড় হয়। ওই দিন রিটুকে পরানো হয় কয়েদির পোশাক। তবে তাঁকে নিতে কারা অ্যাম্বুলেন্স এলেও ফেরত যায়। ‘বুকের ব্যথা’ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রিটুকে আজ কারাগারে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের প্রথম আলো ডটকমকে বলেন, রিটুর শারীরিক অবস্থা ভালো থাকায় তাঁকে হাসপাতাল থেকে চিকিত্সকেরা কারাগারে পাঠিয়ে দিয়েছেন। বর্তমানে রিটু কয়েদির পোশাক পরে কারাগারে আছেন।
কারা ও আদালত সূত্র জানায়, সদ্য মুক্তি পাওয়া যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরের সহযোগী রিটু দাশের বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় ২০০৭ সালের ২৭ জুন সাত বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। রিটু দীর্ঘদিন পলাতক থাকায় সাজা কার্যকর হয়নি। নগরের সিআরবিতে রেলের দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের দুই পক্ষের গোলাগুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলায় দায়ের করা হয়। ওই মামলায় গত ২৭ জুন রিটু দাশকে কারাগারে পাঠানো হয়। কিন্তু কয়েদি হলেও তাঁর গায়ে কয়েদির পোশাক ওঠেনি। গত ৭ আগস্ট কারাগার থেকে বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
এ নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি থাকলেও তাঁকে হূদেরাগ বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে গত চার দিন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শারীরিক অবস্থা ভালো থাকায় আজ কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। কারা বিধি লঙ্ঘন করে গত ৪২ দিন ধরে কয়েদির পোশাক না পরে সাধারণ পোশাকে ছিলেন রিটু দাশ।