হাসপাতালে আর্থিক সংকট, খুলনা বিএমএর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় অর্থ ও যন্ত্রপাতি সরবরাহের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা। গতকাল সোমবার নগরের সাত রাস্তা মোড়ে অবস্থিত বিএমএ ভবনের সামনে শহীদ ডা. মিলন চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা বিএমএর সভাপতি শেখ বাহারুল আলমের সভাপতিত্বে ও কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন খুলনা বিএমএর সহসভাপতি গাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেহেদী নেওয়াজ, যুগ্ম সম্পাদক বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে হাসপাতালের আর্থিক সংকটসহ সব সংকট দূর করার মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসাসেবা শতভাগ নিশ্চিত করার দাবি জানান। চিকিৎসক নেতারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্যা সৃষ্টির জন্য জটিল আমলাতন্ত্রকে দায়ী করেন।

বক্তারা বলেন, আমলারা সুকৌশলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করছেন। তাঁদের হীন চক্রান্তের ফলে ২৫০ শয্যাবিশিষ্ট জনবল দিয়ে চালাতে হচ্ছে ৫০০ শয্যার হাসপাতাল। আর তার সঙ্গে যুক্ত হয়েছে প্রবল আর্থিক সংকট। উভয়সংকটের শিকার হচ্ছে নিরীহ রোগী আর চিকিৎসকদের পড়তে হচ্ছে রোষানলে। বক্তারা এই দুর্ভোগ নিরসনে সব শ্রেণি-পেশার মানুষকে আন্দোলনের আহ্বান জানান।

পেট্রলপাম্পে ১৭ লাখ টাকা বকেয়া থাকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্সসহ সব গাড়ি চলাচল বন্ধ থাকে ২৫ দিন। এ ছাড়া হাসপাতালটির বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে দেড় কোটি টাকারও বেশি। আর ৫০০ শয্যার হাসপাতালটিতে ওষুধ ও খাবার সরবরাহ করা হচ্ছে ২৫০ শয্যার হিসাব ধরে।