হাসপাতালে ইউজারস ফি বণ্টনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন সরকারি হাসপাতালের উচ্চ ঝুঁকিপূর্ণ বিভাগে কর্মরত চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট ও সংশ্লিষ্ট কর্মচারীদের মধ্যে ইউজারস ফি বণ্টনের জন্য হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে ১২ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইন অধিশাখা থেকে এ নির্দেশ দেওয়া হয়।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই নির্দেশ বাস্তবায়িত হলে সরকারি হাসপাতালের পরীক্ষাগার (প্যাথলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, হিস্টোপ্যাথলজি, ব্লাড ট্রান্সফিউশন), এক্স-রে (রেডিওলজি ও ইমেজিং) এবং রেডিওথেরাপি—সেবাসংশ্লিষ্ট এই বিভাগগুলোর অধ্যাপক থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই ‘ইউজারস ফি’র নামে জমা হওয়া অর্থের ভাগ পাবেন। এসব বিভাগকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলা হয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি হাসপাতালে চিকিৎসা বিনা মূল্যে হলেও রোগীদের দেওয়া পরীক্ষা-নিরীক্ষা বাবদ দেওয়া ফি কর্তৃপক্ষের কাছে জমা হয়। জমা হওয়া অর্থের ৫০ শতাংশ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে বণ্টন করা হতো। ১৯৮৪ সাল থেকে এভাবেই চলে আসছিল। ২০১০ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের সংগঠনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ইউজারস ফি বণ্টন স্থগিত করার নির্দেশ দেন। ২০১২ সালে সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের ওই নির্দেশ স্থগিত করেন। গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাসপাতালের উচ্চ ঝুঁকিপূর্ণ বিভাগের চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্য কর্মচারীদের মধ্যে প্রণোদনা হিসেবে ইউজারস ফি বণ্টন করার নির্দেশ দেন।
মন্ত্রণালয় বলেছে, আদালতের নির্দেশনা মোতাবেক ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত জমাকৃত সব ইউজারস ফির অর্থ প্রচলিত বিধিবিধান অনুসারে সংশ্লিষ্টদের মধ্যে বিতরণের কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হলো। সূত্র জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই নির্দেশ বিভিন্ন দপ্তর ও হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপদ দীন মো. নূরুল হক প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের এ ধরনের নির্দেশনা এখনো তিনি দেখেননি।
তবে অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, যক্ষ্মা, এইচআইভি/এইডস বা হেপাটাইটিস নিয়ে কাজ করেন যাঁরা, তাঁরাও উচ্চ ঝুঁকির মধ্যে থাকেন। তাঁদেরও ইউজারস ফি-এর অংশ পাওয়া উচিত। কিন্তু প্রচলিত আইনে সেই বিধান নেই।
ইউজারস ফি বণ্টন নিয়ে সরকারি হাসপাতালে অসন্তোষ আছে। উচ্চ ঝুঁকিপূর্ণ বিভাগে কাজ করেন না এমন চিকিৎসক, টেকনিশিয়ান ও কর্মচারীরা এর অংশ দাবি করে আসছিলেন।