হাসপাতালে এক বছরে উপস্থিত ১৭ দিন!
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট আবদুর রাজ্জাক সিকদার গত বছর কর্মস্থলে মাত্র ১৭ দিন রোগীদের সেবা দিয়েছেন। বাকি ২৩০ কর্মদিবস তিনি কর্মস্থলে ছিলেন না। ২০০৯ সালে তিনি কর্মস্থলে ছিলেন মাত্র ৪৫ দিন। রাজ্জাকের মতো একই হাসপাতালের চিকিৎসক চন্দ্রিমা বড়ুয়া প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন।হাসপাতালে না থাকলেও কাগজে-কলমে রাজ্জাক ও চন্দ্রিমাকে নিয়মিত দেখানো হয়েছে। এ জন্য তাঁরা আশ্রয় নেন ছুটি (!) নেওয়ার কৌশল। ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শনে এলেও যেন বুঝতে না পারেন—সে জন্য তাঁরা থানা স্বাস্থ্য কর্মকর্তাকে (টিএইচও) অগ্রিম ছুটির দরখাস্ত দিয়ে রাখতেন। পরে কর্মস্থলে এসে ছুটির দরখাস্ত তুলে নিয়ে সই করতেন হাজিরা খাতায়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের অনুসন্ধানে চিকিৎসাসেবার এ চিত্র ধরা পড়েছে। এভাবে অনৈতিক কাজে সুযোগ করে দেওয়ায় সংশ্লিষ্ট টিএইচও সৌমিত্র দাশগুপ্তের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। জবাবে তিনি দুই চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেন। বিষয়টি আগে না জানানোর জন্য ক্ষমাও চান তিনি। সৌমিত্র বিষয়টি স্বীকার করে বলেন, রাজ্জাক কর্মস্থলে অনিয়মিত ছিলেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।আবদুর রাজ্জাক সিকদার চট্টগ্রাম নগরের ল্যানসেট নামের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন। তাঁর বাসাও চট্টগ্রাম শহরে। এখান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে তাঁর কর্মস্থল।সিভিল সার্জন মো. আবু তৈয়ব বলেন, ‘৮ জানুয়ারি টিকা দিবসে আকস্মিক পরিদর্শনে গিয়ে রাজ্জাককে তাঁর কর্মস্থলে পাইনি। একজন শিশুচিকিৎসক কীভাবে টিকা দিবসের দিন অনুপস্থিত ছিলেন—সেটা খুঁজতে গিয়ে এক বছরে তাঁর মাত্র ১৭ দিন উপস্থিত থাকার প্রমাণ পাই।’ তিনি বলেন, ‘নৈমিত্তিক ছুটির দরখাস্ত রেখে রাজ্জাক ও চন্দ্রিমা কর্মস্থল ছাড়েন। তাঁরা পরে গিয়ে আগের তারিখে হাজিরা খাতায় স্বাক্ষর করেন।’জানা গেছে, স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী কোনো চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকলে ওই দিন কতজন রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন—তা নিবন্ধন বইয়ে লিখে রাখতে হয়। এই নিবন্ধন থেকে সংশ্লিষ্ট চিকিৎসকের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। ২০১০ সালের রোগী নিবন্ধন বই ঘেঁটে দেখা যায়, পুরো বছর আবদুর রাজ্জাক মে মাসে তিন দিন, জুনে সাত দিন ও জুলাই মাসে সাত দিন কর্মস্থলে উপস্থিত ছিলেন।আবদুর রাজ্জাক স্বীকার করেন, ‘টিকা দিবসে আমি ছুটিতে ছিলাম। সেটা আমার উচিত হয়নি। আর এক বছরে ১৭ দিন রোগী দেখেছি বলে যা বলা হচ্ছে, তা ভুল বোঝাবুঝি। অনেক সময় বেশি রোগী থাকার কারণে রোগী দেখে আমরা নিবন্ধন বইতে লেখার সময় পাই না।’ অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট টিএইচওদের বিশেষ আনুকূল্যে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা এভাবেই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। পটিয়ার ছনহরা স্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন (অ্যাডহক) এ কে এম নাজমুল হক, সাতকানিয়ার বারোদনা স্বাস্থ্য উপকেন্দ্রের আবদুর রহমান চৌধুরী ও কাটিরহাট ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের আবু সাইফ মো. লুৎফুল বেশির ভাগ সময় কর্মস্থলে থাকেন না। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।সূত্রমতে, লুৎফুল কবির সাড়ে চার মাসে মাত্র ১৩ দিন কর্মস্থলে উপস্থিত—কর্তৃপক্ষ তদন্ত করে এমন প্রমাণ পেয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ পাঠানো হয়েছে। তবে লুৎফুল কবির বলেন, ‘উপস্থিতি নিয়ে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। আমি কারণ ব্যাখ্যা করে জবাব দিয়েছি।’ তিনি বলেন, ‘আমাকে সপ্তাহে দুই দিন হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করতে হতো। দুই দিন ২৪ ঘণ্টা করে কাজ করার পরদিন ছুটি থাকত।’গত সেপ্টেম্বরে ২৮ দিন এবং অক্টোবরে ২৯ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ছনহরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকেন্দ্রের চিকিৎসক নাজমুল। এ কারণে তাঁকে ওই দুই মাসের বেতন সরকারি কোষাগারে জমার নির্দেশ দেওয়া হয়।