হাসপাতালে কর্মবিরতি
চিকিৎসাসেবা না দিয়ে হাসপাতালের চতুর্থ শ্রেণির এক কর্মচারী ও তাঁর দুই বছর বয়সী নাতনিকে লাঞ্ছিত করে বের দেওয়ার ঘটনা ঘটে বুধবার রাতে। এ ঘটনায় দায়ী চিকিৎসকের বিচারের দাবিতে নগরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত তাঁরা কর্মবিরতি পালন করেন। এতে ভোগান্তি পোহাতে হয় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের। পরে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের হস্তক্ষেপে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করেন।
হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা জানান, বুধবার রাতে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী আবদুস সাত্তার ও তাঁর দুই বছর বয়সী নাতনি রাফা জ্বর ও ঠান্ডায় আক্রান্ত হলে শিশু বিভাগের চিকিৎসক তাজুল ইসলামের কাছে চিকিৎসার জন্য যান। এ সময় হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা রোগী দেখছিলেন চিকিৎসক তাজুল ইসলাম। আবদুস সাত্তার লাইনে না দাঁড়িয়ে হাসপাতালের কর্মচারী পরিচয় দিয়ে শিশু রাফাকে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসক তাজুল ইসলাম অনুরোধ জানালে উত্তেজিত হয়ে ওঠেন এবং তাঁকে (চতুর্থ শ্রেণির কর্মচারী আবদুস সাত্তার) গলাধাক্কা দিয়ে ওয়ার্ড থেকে শিশু রাফাকেসহ বের করে দেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিটের নেতাদের জানালে তাঁরা দায়ী চিকিৎসকের বিচারের দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন এবং হাসপাতালের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করেন।
এদিকে এ খবর পেয়ে বেলা দুইটার দিকে হাসপাতাল সুপারের কক্ষে স্থানীয় সাংসদ সেলিম ওসমান, বিএমএর নারায়ণগঞ্জ জেলা সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, ব্যবসায়ী নেতা জি এম ফারুক বৈঠক করেন। এ সময় চিকিৎসক তাজুল ইসলাম ও চতুর্থ শ্রেণির কর্মচারী আবদুস সাত্তারকে ডেকে বিবদমান সমস্যার সমাধান করে দিলে তাঁরা বেলা দুইটা থেকে কর্মবিরতি প্রত্যাহার করে নেন।