হাসপাতালে কর্মবিরতি সড়কে পরিবহন ধর্মঘট
মাদারীপুরের সদর হাসপাতালে গত সোমবার রাত থেকে কর্মবিরতি চলছে। হাসপাতালে ভাঙচুর ও হামলার ঘটনার বিচারের দাবিতে চিকিৎসক ও কর্মচারীরা এ কর্মসূচি পালন করছেন।সোমবার বিষপানে অসুস্থ একজন পরিবহন শ্রমিক হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মারা গেছেন বলে তাঁর স্বজন ও পরিবহন শ্রমিকেরা অভিযোগ তোলেন। এ ঘটনায় চিকিৎসকদের বিচারের দাবিতে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সোমবার রাত থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।স্থানীয় জনগণ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদারীপুর বাগেরপাড় এলাকার চন্দ্রা পরিবহনের সুপারভাইজার মোক্তার হাওলাদার (৪৮) সন্ধ্যার পর পারিবারিক কলহের জের ধরে বিষ পান করেন। পরিবারের লোকজন তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মোক্তার হাওলাদার মারা যান। চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর এবং চিকিৎসক ও কর্মচারীদের মারধর করে। এতে পাঁচজন আহত হন। ঘটনার পর চিকিৎসকেরা হাসপাতাল ছেড়ে চলে যান। পরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। এদিকে চিকিৎসকদের বিচারের দাবিতে গতকাল রাত থেকেই পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর গাছ ফেলে ও আগুন জ্বেলে সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা। সদর হাসপাতালের প্রধান আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল জব্বার দাবি করেন, চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি। জেলা বিএমএর সভাপতি আবদুল বারি জানান, মারধরে গুরুতর আহত চিকিৎসক ইকরামকে ঢাকায় পাঠানো হয়েছে। জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার জানান, চিকিৎসকদের বিচারের দাবিতে পরিবহন শ্রমিকেরা ধর্মঘট পালন করছেন। দাবি আদায় না হলে প্রয়োজনে তাঁরা বড় ধরনের আন্দোলনে যাবেন।