কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুর্বৃত্তদের হামলার পরও দৈবক্রমে মৃত্যুর হাত থেকে বেঁচে যায় মৌসুমী আক্তার (১৫)। তার এবার এসএসসি পরীক্ষা দেওয়া হচ্ছে না। ২৩ দিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও আতঙ্ক কাটেনি তার।
শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হলেও এখনো গুরুতর আহত সে। এখনো সে জানে না, দুর্বৃত্তদের ওই হামলায় চিরতরে হারিয়ে গেছে তার বাবা-মাসহ পরিবারের চার সদস্য।
এদিকে ওই নৃশংস হামলার পর ২২ দিন পেরিয়ে গেলেও পুলিশ এর কোনো কূলকিনারা করতে পারেনি। এতে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
চিকিৎসক শাহানুর আলম সরকার জানান, মৌসুমীর মাথা, কাঁধ, পিঠ ও হাতে মারাত্মক জখম ছিল। ডান হাতের আঙুলগুলো কেটে গেছে। মাথার আঘাতটি গুরুতর। মেয়েটির চোখের অবস্থাও ভালো নয়। মানসিকভাবেও মৌসুমী এখনো স্বাভাবিক হতে পারেনি বলে জানান এ চিকিৎসক।
মৌসুমীর বড় বোন রেহানা আক্তার জানান, মৌসুমীকে এখনো পরিবারের অন্য সদস্যদের পরিণতির কথা বলা হয়নি। নিজের হাতের দিকে তাকিয়ে সে বারবার কান্নাকাটি করছে। পরীক্ষার কথা বলছে। ৯ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষার্থী ছিল সে।
দুলাভাই রকিব আহমেদ জানান, এত বড় নৃশংসতার পরও পুলিশ এ পর্যন্ত কাউকে ধরতে পারেনি। এ ধরনের হামলার কোনো কারণও তাঁরা ধারণা করতে পারছেন না। এই অবস্থায় নিরাপত্তার কারণেও মৌসুমীকে তাঁরা বাড়ি নিতে ভয় পাচ্ছেন। এখন মেয়েটির পরীক্ষার চেয়ে বেঁচে থাকাটাই জরুরি হয়ে গেছে বলে মন্তব্য করেন রকিব আহমেদ।
মৌসুমীর ধলডাঙ্গা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, ‘উচ্ছল আর মেধাবী একটি মেয়ে ও। পরীক্ষায় অনেক ভালো করতে পারত। অন্য পরীক্ষার্থীরা প্রবেশপত্র নিয়ে গেছে। মৌমুমীর প্রবেশপত্রটাই শুধু স্কুলে পড়ে আছে।’
এলাকাবাসী হাসিনা ও হাসমত আলী জানান, দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে এত বড় হত্যাকাণ্ড ঘটাল। পুলিশ আজ পর্যন্ত এর কোনো সুরাহাই করতে পারল না।
ভূরুঙ্গামারী থানার ওসি মাহাফুজুর রহমান জানান, চেষ্টা করেও হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আর ঘটনার প্রত্যক্ষদর্শী মৌসুমী এখনো গুরুতর অসুস্থ থাকায় তার কাছ থেকেও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা গ্রামে গত ১৪ জানুয়ারি মধ্যরাতে সিঁধ কেটে মৌসুমীদের ঘরে ঢুকে পরিবারটির চার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলো, মৌসুমীর বাবা সুলতান আলী (৬০), মা হাজেরা বেগম (৪৫), ভাগনি আনিকা (৭) ও রুমানা পারভীন (১৫)। গুরুতর আহতাবস্থায় উদ্ধার হয় মৌসুমী।