হাসপাতালে কাতরাচ্ছে গলাচিপার যমুনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনার গয়না চুরির অভিযোগে মঙ্গলবার রাতে বেদম মারধর করার পর গুরুতর আহত অবস্থায় যমুনা রানী হাওলাদার (১৩) এখন পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।জানা গেছে, গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামের সমীর হাওলাদারের মেয়ে যমুনা দুই বছর বয়সে মা সবুজ রানীকে হারায়। এরপর তার বাবা আবার বিয়ে করেন। সৎ মায়ের সংসারে বেশি দিন ঠাঁই হয়নি যমুনার। যমুনাকে তার ঠাকুরমা স্বর্ণলতা হাওলাদার নিয়ে যান। তারও অভাবের সংসার। তিনি যমুনাকে সাত বছর লালনপালন করেন। চার বছর আগে তিনি যমুনাকে গলাচিপা পৌরসভার কাপড় ব্যবসায়ী প্রবীর দেবনাথের বোন অনিমা রানীর কাছে দিয়ে দেন। অনিমা রানী ভাই প্রবীর দেবনাথের সঙ্গেই গলাচিপা বালিকা বিদ্যালয় সড়কের বাসায় থাকেন। তিনি (অনিমা) গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্য সহকারী।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রবীর দেবনাথের বাসার একটি ট্রাংক থেকে কিছু স্বর্ণালংকার খোয়া যায়। আর এ ঘটনায় সন্দেহমূলকভাবে মঙ্গলবার সকাল থেকে যমুনাকে দফায় দফায় নির্যাতন করা হয়। তার আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। পরে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. জসীম উদ্দিন বাসা থেকে যমুনাকে উদ্ধার এবং নির্যাতনের অভিযোগে প্রবীর দেবনাথকে গ্রেপ্তার করেন। হাসপাতালে চিকিৎসাধীন যমুনা বলে, ‘আমি চুরি করি নাই। হ্যার পরও হ্যারা আমারে পিটাইছে। আমার পায়ে, হাতে সুঁই দিয়া খোঁচাইছে। আমারে উপুড় কইর‌্যা ফালাইয়া দুই-তিনজনে পারাইছে।’এসআই মো. জসীম উদ্দিন বলেন, ‘যমুনাকে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। সে এখন খুবই অসুস্থ। নির্যাতনের অভিযোগে প্রবীর দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে। যমুনার ঠাকুরমা স্বর্ণলতা হাওলাদার বাদী হয়ে প্রবীর দেবনাথ ও তাঁর বন্ধু মো. রিয়াদ হোসাইনকে আসামী করে গতকাল বুধবার সন্ধ্যায় গলাচিপা থানায় একটি মামলা করেছেন।’ অনিমা রানী বলেন, ‘স্বর্ণালংকার খোয়া যাওয়ার ঘটনায় আমরা ওকে জিজ্ঞাসাবাদ করেছি। তবে ওই সময় ওকে দুয়েকটা চর-থাপড় দেওয়া হয়েছে। আমি যমুনাকে নিজের সন্তানের মতো ভালোবাসি।’গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘যমুনার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। হাসপাতালে দেরিতে পৌঁছানোর কারণে নির্যাতনের অনেক চিহ্ন অস্পষ্ট হয়ে গেছে। তার পায়ের গোড়ালিতে সুঁই বা পিনজাতীয় কোনো কিছু ঢোকানো হয়েছে এমন চিহ্নও পাওয়া গেছে।’