হাসপাতালে কাতরাচ্ছে পাঁচ বছরের শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে পাঁচ বছরের শিশুটি। পাশে বসে থাকা মা উদাস দৃষ্টিতে চেয়ে আছেন মেয়ের দিকে। মাঝেমধ্যে মেয়ের কাছে ভালো-মন্দ জানতে চাচ্ছেন। বিড়বিড় করে মেয়েটি বলছে, ‘ভালো লাগছে না।’

গতকাল শুক্রবার সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে গিয়ে শিশুটিকে ভীতসন্ত্রস্ত দেখা যায়। কারও সঙ্গে সে তেমন কথা বলতে চাচ্ছিল না।

শিশুটির মা-বাবা বলেন, শিশুটি ৩২ বছর বয়সী এক মুদি দোকানির ধর্ষণের শিকার হয়েছে। লোকলজ্জার কথা ভেবে দুদিন ঘটনাটি কাউকে না জানালেও বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা থানায় মামলা করেছেন। তাঁদের বাড়ি বাগাতিপাড়া উপজেলায়।

বাগাতিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রোববার (কাল) আদালত খুললে শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য আবেদন করা হবে।

মা-বাবা ও থানার পুলিশ সূত্রে জানা যায়, মেয়েটি গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী মুদি দোকানি চকলেট দেওয়ার কথা বলে তাকে বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। এ সময় শিশুটির মা কান্নার আওয়াজ পেয়ে সেখানে গেলে দোকানি দৌড়ে পালিয়ে যান। মা শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসেন। একপর্যায়ে শিশুটি ব্যথায় কাতরাতে থাকে, তার জ্বর আসে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে দোকানির পরিবারের লোকজনকে জানানো হলে তাঁরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে তাকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশুটির বাবা বলেন, তিনি একজন ভ্যানচালক। তাঁরা মেয়েকে ধর্ষণের সব আলামত পেয়েছেন। তিনি আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চান।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুজহাত নওরিন গত বৃহস্পতিবার বিকেলে বলেন, শিশুটির ওপর বল প্রয়োগ করা হয়েছে। সে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়েছে। পুলিশ এখন পর্যন্ত আবেদন না করায় আনুষ্ঠানিকভাবে ডাক্তারি পরীক্ষা করা হয়নি। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কালাম আজাদ বলেন, আদালতের মাধ্যমে নির্দেশনা এলে তাঁরা ডাক্তারি পরীক্ষা করবেন। এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও আসামির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।