হাসপাতালে কাতরাচ্ছে বখাটের হামলার শিকার কলেজছাত্রী
সাধারণ ডায়েরি (জিডি) করায় বখাটেদের নির্মম নির্যাতনের শিকার হয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের এফ-৪ নম্বর ওয়ার্ডের মেঝেতে যন্ত্রণায় কাতরাচ্ছে এক কলেজছাত্রী। ওই ছাত্রী সাত দিন ধরে কোনো খাবার মুখে নিচ্ছে না। মুখে খাবার ও পানি তুললেই বমি করছে। বাবা দিনমজুর হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসাও মিলছে না তার।
ওই দিনমজুরের তিন মেয়ের মধ্যে ওই ছাত্রী সবার ছোট। বড় মেয়ে শারীরিক প্রতিবন্ধী। আর মেজ মেয়ের বিয়ে হয়েছে। ওই ছাত্রী পিরোজপুরের কাউখালীর একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে।
পরিবার সূত্রে জানা গেছে, বখাটেদের হুমকিতে আতঙ্কিত হয়ে নিরাপত্তা চেয়ে ওই ছাত্রী গত ২৫ জানুয়ারি কাউখালী থানায় জিডি করে। কিন্তু এতেও তার শেষ রক্ষা হয়নি। জিডি করে বাড়ি ফেরার পথে বখাটেদের নির্যাতনের শিকার হয় সে। বখাটেরা তাকে রড দিয়ে পিটিয়ে, শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর জখম করলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চার দিন সেখানে থাকার পর অবস্থার অবনতি হলে গত রোববার তাকে আনা হয় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
ওই ছাত্রীর এক বোন বলেন, উপজেলার দাশেরকাঠি গ্রামের রাজু শেখ (২৬) তাঁর বোনকে কলেজে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। তাঁর বোন এতে সাড়া না দেওয়ায় রাজু একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেন। এতেও রাজি না হওয়ায় ক্ষিপ্ত হন রাজু। ২৫ জানুয়ারি কলেজে যাওয়ার পথে রাজু তাঁর বোনকে পথে আটকান ও বিয়েতে রাজি না হলে মেরে ফেলার হুমকি দেন। তাঁর বোন কলেজে গিয়ে বিয়ষটি শিক্ষকদের জানালে তাঁরা (শিক্ষকেরা) তাঁকে থানায় জিডি করার পরামর্শ দেন। ওই দিনই থানায় গিয়ে জিডি করে তাঁর বোন। জিডি করে বিকেলে বাড়িতে ফেরার পথে রাজু ও তাঁর চার-পাঁচজন সহযোগী তাঁর বোনকে প্রথমে কিল, ঘুষি মারেন ও মাথার চুল ধরে টানতে টানতে চুল ছিঁড়ে ফেলেন। পরে রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পেটান। এতে তাঁর েবান মাটিতে লুটিয়ে পড়লে তাঁর শরীরের বিভিন্ন স্থান ও গলায় তাঁরা কামড়ান।
ওই ছাত্রীর ভগ্নিপতি বলেন, ‘গত সাত দিন ধরে ওই ছাত্রী দানা-পানি মুখে নিচ্ছে না। কিছু মুখে দিলেই সে বমি করছে। মাথা, বুকে ও শরীরের বিভিন্ন অংশে তীব্র যন্ত্রণায় সে উঠতে পারছে না। সারাক্ষণ কাতরাচ্ছে। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছি না। চিকিৎসকেরা সিটি স্ক্যান করতে দিলেও অর্থের অভাবে প্রতিবেদন আনতে পারিনি। প্রতিদিন বাইরে থেকে কিনে স্যালাইন দিতে হচ্ছে। অর্থাভাবে তা-ও দিতে পারছি না। এ ছাড়া রাজু এসব নিয়ে বাড়াবাড়ি না করতে আমাদের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে।’
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে গতকাল মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, হাসপাতালের শয্যা না পেয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে ওই ছাত্রী। যন্ত্রণায় কাতরাচ্ছে সে। কিছুক্ষণ পর পর বমি করছে।
সার্জারি বিভাগের চিকিৎসক শাহনাজ আক্তার বলেন, মুখে খাবার দিলেই ওই ছাত্রীর বমি করার বিষয়টি খুব আশঙ্কার। সিটি স্ক্যান প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি ওই ছাত্রীর জিডির তদন্ত করছেন। তিনি বলেন, ‘মেয়েটির পরিবার খুবই গরিব। ঘটনার পর মেয়েটির পরিবারকে মামলা করতে বলেছিলাম। ওরা গরিব হওয়ায় প্রথমে মামলা করতে রাজি হয়নি। পরে জানিয়েছে, চিকিৎসা শেষ করে মামলা করবে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকায় নেই।’