হাসপাতালে কাতরাচ্ছে শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছরের শিশুটি হাসপাতালের মেঝেতে শুয়ে কাতরাচ্ছে। মাঝেমধ্যে কেঁপে উঠছে। শিশুটির মা পাশে বসে চোখের জল ফেলছেন। কিছুক্ষণ পরপর অচেতন হয়ে পড়ছেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে গিয়ে এ চিত্র দেখা যায়।কথা বলে জানা গেল, শিশুটিকে রাকিব হোসেন (১৮) নামের এক তরুণ ধর্ষণ করেন। রাকিব কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাড়াদি গ্রামের হায়দার আলীর ছেলে। শিশুটির বাবা আবদুল্লাহ অভিযোগ করেন, গত বুধবার বিকেলে তাঁর মেয়ে বাড়ির পাশে খেলছিল। এ সময় রাকিব তাকে মাঠের ভেতর ডেকে নিয়ে ধর্ষণ করেন। স্থানীয় লোকজন দেখে ফেললে তিনি পালিয়ে যান। বাড়ি আনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু হায়দার আলী ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের লোকজন বাধা দেন। আবদুল্লাহ দাবি করেন, গত বৃহস্পতিবার রাতে মেয়ের অবস্থা খারাপ হলে শুক্রবার ভোরে মেয়েকে বোরকা পরিয়ে লুকিয়ে হাসপাতালে নেওয়া হয়। হায়দার আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ধর্ষণের বিষয়টি ঠিক না।’কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক অরবিন্দ পাল বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।কুমারখালী থানার এসআই নাসির উদ্দীন বলেন, এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে ধর্ষণের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।