হাসপাতালে কাতরাচ্ছেন গৃহবধূ রুমা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে যৌতুকের দাবিতে স্বামী সবুজ সিকদার তাঁর স্ত্রী রুমা বেগমকে এক মাস আটকে রেখে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে রুমা পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গলাচিপা সদর ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের মো. ইসহাক ফকিরের মেয়ে মোসাম্মাৎ রুমা বেগম। ২০০০ সালে রাঙ্গাবালীর আবদুল গনি সিকদারের ছেলে সবুজ সিকদারের সঙ্গে রুমার বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। ইসহাক ফকির জানান, সবুজ সিকদার এক বছর ধরে যৌতুকের দাবিতে রুমাকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে রুমা সন্তানসহ তাঁর বাড়িতে চলে আসেন। পরে সমঝোতা হলে গত ফেব্রুয়ারির প্রথম দিকে আবার স্বামীর বাড়িতে যান। সবুজ সিকদার আবারও তাঁর ওপর নির্যাতন শুরু করেন। গত এক মাস ধরে রুমাকে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। ৭ মার্চ রাতে এক প্রতিবেশীর সহায়তায় রুমা মুঠোফোনে তাঁর ওপর নির্যাতনের কথা জানান। পরে এলাকাবাসীর সহায়তায় তাঁকে উদ্ধার করে ৯ মার্চ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন রুমা জানান, তাঁর স্বামী ও স্বামীর বাড়ির লোকজন তাঁকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিতে বলেন। এতে রাজি না হওয়ায় এক মাস ধরে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। তিনি জানান, প্রতি রাতে তাঁর স্বামী সবুজ বাড়ি ফিরে তাঁর হাত-পা ও মুখ কাপড় দিয়ে বেঁধে তাঁকে মারধর করতেন। শেষ দিকে হাতুড়ি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে পেটান। হাতুড়ির বাঁট দিয়ে তাঁর স্পর্শকাতর স্থানে আঘাত করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, রুমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। স্পর্শকাতর স্থানে আঘাতজনিত কারণে পচন দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বুধবার বিকেলে অন্য হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।সবুজ সিকদার বুধবার মুঠোফোনে বলেন, ‘আমি কোনো যৌতুক দাবি করি নাই। রুমাকে মারধরও করি নাই। তবে আমার অসুস্থতা আছে। দুই দিন ধরে আমি সুস্থ। এর আগে কী হয়েছে বা কী করেছি, তা জানি না। রুমারও অসুস্থতা আছে। এ জন্য তাঁকে ওঝা দিয়ে কয়েক দফা চিকিৎসাও করানো হয়। এসব বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। কিন্তু কোনো মারধরের ঘটনা ঘটেনি।’