
মাদকাসক্ত স্বামীর রামদার কোপে গুরুতর জখম বগুড়ার এক গৃহবধূ কাতরাচ্ছেন হাসপাতালে। কুষ্টিয়ায় যৌতুকের দাবিতে স্বামীর হাতে অগ্নিদগ্ধের শিকার হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে আছেন আরেক গৃহবধূ।
নির্যাতনের শিকার দুই গৃহবধূ হলেন বগুড়ার মনিকা শারমিন হাসি (৩০) এবং কুষ্টিয়ার লাইলি খাতুন (২১)। মনিকা চিকিৎসাধীন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। আর লাইলিকে ভর্তি করা হয়েছে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
মনিকা শিবগঞ্জ উপজেলার পালিহারা গ্রামের আবু নাছের মোহাম্মদ ইলিয়াছের স্ত্রী। জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, মনিকার মাথায় ব্যান্ডেজে মোড়ানো রামদার কোপের জখম। ডান হাতের রগ কাটা। পেটে অসংখ্য সেলাইয়ের ফোঁড়।
মনিকা গত বৃহস্পতিবার রাতে হাসপাতালের শয্যায় কাতরাতে কাতরাতে বলেন, ‘প্রতি রাতে ইয়াবা সেবন করে এসে নির্যাতন করত নাছের। ৩০ জানুয়ারি মধ্যরাতে ইয়াবা সেবন করে এসে নির্যাতন শুরু করলে বলি, ঘরে ১০ ও ৬ বছরের দুটো ছেলে-মেয়ে। তুমি মাদক ছেড়ে দাও। হয় স্ত্রী-সন্তান বেছে নাও, নয় মাদক বেছে নাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে রামদা বের করে কোপাতে থাকে।’ পরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে রাতেই মনিকার বাবা-মা এসে উদ্ধার করে হাসপাতালে নেন তাঁকে।
মনিকার বাবা বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক চৌধুরীপাড়ার মোস্তাফিজুর রহমান চৌধুরী গত বুধবার আবু নাছের ও তাঁর বাবার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া গতকাল শনিবার বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
এদিকে, স্বামীর দেওয়া আগুনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রণায় ছটফট করছেন গৃহবধূ লাইলি খাতুন। তিনি উপজেলার কয়া গ্রামের ভ্যানচালক অমিত হোসেনের স্ত্রী।
অগ্নিদগ্ধ লাইলি খাতুন বলেন, যৌতুকের জন্য গত ২১ জানুয়ারি গভীর রাতে ঘরে ফিরে তাঁর গায়ের কাপড়ে স্বামী অমিত হোসেন আগুন ধরিয়ে দেন। এরপর লাইলিকে বলতে বলেন, তিনি নিজেই আগুন ধরিয়েছেন। তা না করলে এক বছরের মেয়ে অহনাকে মেরে ফেলার হুমকি দেন তাঁর স্বামী। রাতেই লাইলিকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তাঁর বাবা। এক দিন পর সেখান থেকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কিন্তু টাকা ফুরিয়ে যাওয়ায় ৩০ জানুয়ারি মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার বিকেলে তাঁকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক আকুল উদ্দিন প্রথম আলোকে বলেন, লাইলির অবস্থা খুবই গুরুতর। তাঁর শরীরের ৮০ শতাংশের বেশি আগুনে ঝলসে গেছে।
লাইলির বাবা কুমারখালী উপজেলার দুর্গাপুর গ্রামের রবিউল ইসলাম বলেন, তিন বছর আগে মেয়ের বিয়ে দেন। কথা ছিল এক জোড়া কানের দুল আর কিছু টাকা দেওয়ার। সে সময় ২০ হাজার টাকা দেওয়া হলেও দুল দেওয়া হয়নি। এ জন্য শ্বশুরবাড়িতে লাইলিকে নির্যাতন করা হতো।
গত বুধবার লাইলির বাবা বাদী হয়ে জামাতা অমিত হোসেনকে (২৭) প্রধান আসামি করে মামলা করেছেন। মামলার অন্য আসামিরা হলেন লাইলির শ্বশুর সোবাহান শেখ (৬৫), শাশুড়ি নুরজাহান খাতুন (৫২) ও ভাশুর সজল (২৯)।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, পুলিশ আসামিদের ধরতে অভিযান চালিয়েছে। কিন্তু আসামিদের বাড়িতে পাওয়া যায়নি।
লাইলিকে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মহিলা পরিষদ কুমারখালী শাখা গত শুক্রবার কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছে।