
শেরপুর জেলার শ্রীবর্দী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন (৪৫)। দশম জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দায়িত্ব ছিল দলীয় প্রার্থীর কয়েকজন পোলিং এজেন্টকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া। কিন্তু ৫ জানুয়ারি সকালে মোটরসাইকেলে কেন্দ্রে যাওয়ার পথে চাপাতি, রাম দা, লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা করেন জামায়াত-বিএনপির ৩০-৪০ নেতা-কর্মী। তাঁরা বিল্লালের দুই পায়ের রগ কেটে দেন। ভেঙে দেওয়া হয় দুই পায়ের হাড়ও।
বিল্লাল এখন প্রচণ্ড যন্ত্রণা ও ব্যথায় কাতরাচ্ছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) বিছানায়। হাসপাতালে বৃদ্ধ মা তাঁর দেখভাল করছেন। তিন মেয়ে, এক ছেলে নিয়ে গ্রামের বাড়িতে আছেন বিল্লালের স্ত্রী।
১১ জানুয়ারি হাসপাতালের এবি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ৩৫ নম্বর বিছানায় পা থেকে বুক পর্যন্ত কালো কম্বল মুড়ি দিয়ে পড়ে আছেন শীর্ণ দেহের বিল্লাল। বিল্লাল জানান, শ্রীবর্দী উপজেলা জামায়াতের আমির নুরুজ্জামান ওরফে বাদলের নেতৃত্বে তাঁর ভাতিজা কাকল, ভাগনে সোহাগ ও সোয়াদসহ জামায়াত-শিবিরের ১৪-১৫ জন কোনো কারণ ছাড়াই তাঁর একমাত্র ব্যবসাপ্রতিষ্ঠান আসবাবপত্রের দোকানটি পুড়িয়ে দেন। তিনি শ্রীবর্দী পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাকিমসহ নানাজনের কাছে এর সুষ্ঠু বিচার চান। বিচার না পেয়ে থানায় মামলা করেন। কিন্তু পুলিশ কাউকে আটক করেনি। আসামিরা আগাম জামিন নেন। ৫ জানুয়ারি নির্বাচনের দিন সকাল আটটার দিকে কেন্দ্রে যাওয়ার পথে পোড়াগড় গ্রামে ওই আসামিরাসহ আরও অনেকে তাঁর ওপর হামলা চালায়। ওই সময় স্থানীয় একজন নারী ‘র্যাব আসছে’ বলে চিৎকার দিলে হামলাকারীরা দ্রুত চলে যায়। না হলে তাঁকে হয়তো তারা মেরেই ফেলত।
প্রাণে বেঁচে গেলেও এখন চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় বিল্লাল। তাঁর অভিযোগ, চিকিৎসকেরা তাঁকে ঠিকমতো দেখতেও আসেন না, খোঁজখবর নেন না। অনেক ওষধু ও ইনজেকশন হাসপাতালের বাইরে থেকে কিনতে হচ্ছে।
বিল্লালের সঙ্গে কথা বলার সময়ই শ্রীবর্দী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম আতিকুর ও সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন তাঁকে দেখতে আসেন। এই দুই নেতা বলেন, ‘আমরা চাচ্ছি তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক। কিন্তু নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর জখম হওয়ায় তাঁর যে ধরনের যত্ন ও চিকিৎসা দরকার, এখানে তেমনটি হচ্ছে না।’
বিল্লাল হাসপাতালের ইয়েলো ইউনিট-১-এর অধীনে চিকিৎসাধীন। ওই ইউনিটের প্রধান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম। তিনি প্রথম আলোকে বলেন, বিল্লাল হোসেনের দুই পায়ের রগ কেটে গেছে। হাড়ও ভেঙেছে। কিছুটা ইনফেকশন হয়েছে। ঘা শুকানোর পর অস্ত্রোপচার করা হবে। এরপর বোঝা যাবে তিনি কত দিনে সুস্থ হতে পারবেন।
বিল্লাল হোসেনের ওপর হামলার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবর্দী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, উপজেলা জামায়াতের আমির নুরুজ্জামানকে প্রধান আসামি করে বিএনপি ও জামায়াতের ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে বিএনপি-জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু মূল আসামিদের কেউ এখন এলাকায় নেই।
অভিযোগের বিষয়ে জামায়াত নেতা নুরুজ্জামানের বক্তব্য জানতে মুঠোফোনে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।