হাসপাতালে খাওয়ার পানি নেই আড়াই মাস
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আড়াই মাস ধরে খাওয়ার পানির ব্যবস্থা নেই।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, খাওয়ার পানি সরবরাহের জন্য হাসপাতালের বহির্বিভাগের পাশে একটি তারাপাম্প ছিল। গত ৩ সেপ্টেম্বর সেটি নষ্ট হয়। এরপর আড়াই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তা মেরামত করা হয়নি।গত রোববার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, রোগী এবং তাদের স্বজনেরা জগ, বোতল, ছোট বালতি প্রভৃতি নিয়ে ক্ষেতলাল পাইলট বালিকা বিদ্যালয়, কলেজ, পাশের বাড়ি, বাজারের চায়ের স্টল ও দোকান থেকে পানি আনার জন্য ছোটাছুটি করছে। পেটের ব্যথায় আক্রান্ত হওয়া উপজেলার নামা আটি মুকুল গ্রামের অফির উদ্দিন বলেন, ‘হাসপাতালের পাশে মেয়েদের স্কুল থেকে সহজে খাবারের পানি নিয়ে আসতাম, কিন্তু অষ্টম শ্রেণীর পরীক্ষা শুরু হওয়ায় পুলিশ সেখান থেকে আর পানি আনতে দেয় না। মহাবিপদে পড়েছি। এখানে আয়া-সুইপার কেউ-ই কারও কথা শোনে না।’উপজেলার সাগরামপুর গ্রামের রোগী মোজ্জাম্মেল হোসেন ও ঘুঘইল গ্রামের জালাল উদ্দিন বলেন, ‘চার দিন ধরে হাসপালে ভর্তি হয়ে পানির অভাবে আবারও রোগীতে পরিণত হয়েছি। ডাক্তার তো দিনে একবারও আসেন না। হাসপাতালে পানি না থাকায় বাড়ি থেকে মানুষ এসে ব্যবস্থা করে দিচ্ছে।’ মির্জাপুর গ্রামের অলেদা বেওয়া (৫০) বলেন, ‘আমার বউমাকে ভর্তি করে আমাকে এ বয়সে শীতের সময় রাত-বিরাতে দোতলার নিচে নেমে বাজার থেকে পানি আনতে হচ্ছে।’বাজারের চা-বিক্রেতা আবদুল মান্নান জানান, সকাল থেকে নলকূপে হাসপাতালের লোকজনের পানি নেওয়ার ভিড়ে কাজকর্ম করতে ভীষণ অসুবিধায় পড়তে হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাইলি বেগম বলেন, ‘তারাপাম্পটি দু-এক দিনের মধ্যে মেরামত করে নিতে পারতাম। কিন্তু মিস্ত্রি বলছে, মেরামত করতে পাঁচ-ছয় হাজার টাকা লাগবে। তার পরও পানি উঠবে কি না সন্দেহ আছে। এর চেয়ে ১৪ হাজার টাকা দিয়ে নতুন একটি পাম্প হবে। দু-এক দিনের মধ্যে টাকাপয়সার ব্যবস্থা হলে নতুন পাম্প স্থাপন করা হবে। আর তেমন সমস্যা থাকবে না।’