হাসপাতালে গিয়ে দুই মন্ত্রীর সাফাই
মানিকগঞ্জের সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে স্কয়ার হাসপাতালে গিয়েছিলেন দুই মন্ত্রী। দেশের মানুষের ক্ষোভ এই দুজনেরই বিরুদ্ধে। কিন্তু হাসপাতালে গিয়েও সাফাই গাইলেন তাঁরা।এই দুই মন্ত্রী হলেন যোগাযোগমন্ত্রী আবুল হোসেন এবং নৌপরিবহনমন্ত্রী ও পরিবহন শ্রমিকনেতা শাহজাহান খান। এর মধ্যে যোগাযোগমন্ত্রী এ সময় গুরুতর আহত শিল্পী ঢালী আল মামুনের স্ত্রী দিলারা বেগম জলির কাছে গিয়ে বলেন, ‘আপনাদের ড্রাইভার ওভারটেক করছিলেন’। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে দিলারা বেগম জলি বলেন, ‘আমি তো গাড়িতে ছিলাম। ঘটনা নিশ্চয়ই আমার চেয়ে আপনি ভালো জানেন না। আমাদের ড্রাইভার না, উল্টো পাশ থেকে আসা বাসের ড্রাইভার অন্য গাড়িকে ওভারটেক করে এই সর্বনাশ করেছে!’আহত ব্যক্তিদের দেখতে আসা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ সময় সাংবাদিকদের কাছে সড়ক দুর্ঘটনার জন্য চালকেরা দায়ী নন বলে মন্তব্য করেন। অবৈধভাবে লাইসেন্স নেওয়া অদক্ষ চালকদের কারণে একের পর এক সড়ক দুর্ঘটনায় বহু হতাহতের বিষয় নিয়ে যখন দেশবাসী ক্ষুব্ধ, তখন মন্ত্রী এমন মন্তব্য করলেন।মন্ত্রী এ সময় আরও বলেন, যোগাযোগ মন্ত্রণালয় যোগ্য চালকদেরই লাইসেন্স দিয়েছে। পরীক্ষার মাধ্যমেই তাঁরা লাইসেন্স পেয়েছেন। তবে দুর্ঘটনা কার হাতে ঘটবে, এটা বলা যায় না। শাজাহান খান সড়ক দুর্ঘটনার জন্য ভিন্ন ভিন্ন কারণ অনুসন্ধানের সুপারিশ করেন।