হাসপাতালে গৃহবধূর লাশ ফেলে পালিয়ে গেলেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরোজা বেগম (৩০) নামে এক গৃহবধূর লাশ ফেলে পালিয়ে গেছেন তাঁর স্বামী। নিহতের পরিবারের অভিযোগ, ফিরোজাকে পিটিয়ে হত্যা করেছেন তাঁর স্বামী।নিহতের বাবা আকতুল্লা সরকার বলেন, ১৩ বছর আগে ভেড়ামারার ক্ষেমিরদিয়াড় গ্রামের বাবুল হোসেনের সঙ্গে ফিরোজার বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান আছে। এক বছর আগে বিদেশে যাওয়ার জন্য বাবুলকে এক লাখ ৩০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু দেড় মাস আগে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে আবার বাবুল দুই লাখ টাকা দাবি করেন।আকতুল্লা অভিযোগ করেন, এই টাকা না দেওয়ায় বাবুল প্রায়ই ফিরোজাকে নির্যাতন করতেন। শুক্রবার রাতে তিনি ফিরোজাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন। লাশ ঘরের চাতালের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলিয়ে বাবুল আত্মহত্যার নাটক সাজান। চিকিৎসা করাতে হবে বলে তিনি লাশ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে পালিয়ে যান স্বামী বাবুল হোসেন। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, মৃত অবস্থায় ফিরোজা বেগমকে হাসপাতালে আনা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা হত্যার অভিযোগ দিলেও আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।