হাসপাতালে চার ঘণ্টার কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আবদুল কাদের গণিকে কর্তব্যরত অবস্থায় গতকাল শনিবার রোকন উদ্দিন নামের এক ব্যক্তি মারপিট করে আহত করেছেন। এ সময় রোকন উদ্দিনের সহযোগী রাজা মিয়া ওই চিকিৎসকের হাতঘড়ি, স্বর্ণের আংটি ও পকেটে থাকা নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে আবদুল কাদের গণি শনিবার দুপুরে লালমনিরহাট সদর থানায় রোকন উদ্দিন (২৫) ও রাজা মিয়ার (২৮) বিরুদ্ধে মামলা করেন। ঘটনার প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে চিকিৎসকেরা সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন।হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটায় রোকন উদ্দিন জ্বরে আক্রান্ত তিন বছর বয়সের একটি মেয়েকে জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আবদুল কাদের গণি অসুস্থতার বিষয়ে জিজ্ঞাসা করলে রোকন উদ্দিন অসৌজন্যমূলক কথাবার্তা বলেন। প্রতিবাদ করলে রোকন উদ্দিন ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় তাঁর সঙ্গে আসা অপর যুবক রাজা মিয়া আবদুল কাদের গণির ঘড়ি, স্বর্ণের আংটি ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন। গুরুতর আহত অবস্থায় আবদুল কাদের গণিকে হাসপাতালের ৯ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে ও এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সকাল আটটা থেকে লালমনিরহাট সদর হাসপাতালের কর্তব্যরত সকল চিকিৎসক কর্মবিরতি পালন শুরু করেন। জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে দ্রুত যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে দুপুর ১২টায় কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়। লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।