হাসপাতালে চিকিৎসক ধর্মঘট
মৌলভীবাজারে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকেরা গতকাল শুক্রবার থেকে ধর্মঘট শুরু করেছেন। একজন চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড প্রদান করায় ওই চিকিৎসকের মুক্তিসহ অন্যান্য দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মৌলভীবাজার জেলা শাখা এই ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘট চলাকালে শুধু জরুরি চিকিৎসা প্রদান করা হবে। চিকিৎসকেরা ধর্মঘট শুরু করায় রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জরুরি অস্ত্রোপচারের রোগীরা হাসপাতাল ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। গতকাল বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, জরুরি বিভাগে একজন চিকিৎসক রোগী দেখছেন।চিকিৎসক সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে মৌলভীবাজার জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাতৃমঙ্গল, বক্ষব্যাধি ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। রোগীরা জানান, গতকাল দৈনন্দিন নিয়ম অনুযায়ী কোনো চিকিৎসক তাঁদের দেখতে যাননি। শুধু নার্সরা দেখাশোনা করছেন। বেলা সাড়ে তিনটার দিকে গর্ভবতী লাকী পালকে (২২) তাঁর আত্মীয়স্বজন মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল থেকে নিয়ে যান। তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মির্জানগরে। বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। লাকী পালের মা মঞ্জু পাল (৪০) প্রথম আলোকে বলেন, ‘গতকাল আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করেছিলাম। এখানেই কাল (আজ) পরশুর মাঝে অপারেশন করবার কথা ছিল। ডাক্তারদের ধর্মঘট শুরু হওয়ায় আমাদের বলা হয়েছে, এখানে কিছু করা যাবে না। রোগীকে সিলেট নিয়ে যেতে।’ গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত সরকারি কাজের সময় মনসুরনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন মাহমুদুল আহমেদকে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের দি ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে দায়িত্ব পালন করার অভিযোগে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। বিএমএ মৌলভীবাজার শাখার সভাপতি শাব্বির হোসেন খান বলেন, ‘চিকিৎসকের মুক্তি, ডিসি, এসি ল্যান্ড ও ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবিতে সারা জেলায় বিএমএর পক্ষ থেকে ধর্মঘট ডাকা হয়েছে।’সিভিল সার্জন মো. গোলাম রাজ্জাক চৌধুরী বলেন, ‘একই কমিউনিটির লোক। তাই ডাক্তারদের সেন্টিমেন্টে লেগেছে। কোনো সরকারি ডাক্তারকে গ্রেপ্তার করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। তাঁর ব্যাপারে কোনো অনুমোদন নেওয়া হয়নি।’ জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান গতকাল বলেন, ‘মোবাইল কোর্ট তার নিয়মে চলে। এখানে কারও হাত নেই। আমরা চাইব, শুভবুদ্ধির উদয় হোক।’