হাসপাতালে চিকিৎসক হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে আধুনিক প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা হাসপাতাল ও বড় বড় সরকারি হাসপাতালে আধুনিক প্রযুক্তিনির্ভর হাজিরাব্যবস্থা (ইলেকট্রনিক অ্যাটেনডেন্স) চালু হতে যাচ্ছে। হাসপাতালে চিকিৎসকদের হাজিরা নিশ্চিত করতে সরকার এই ব্যবস্থা চালু করছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক এ কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক বলেন, কাজের সময় কোনো কোনো চিকিৎসক হাসপাতালে উপস্থিত থাকেন না বলে অভিযোগ আছে। আধুনিক এ ব্যবস্থা চালু করলে সিভিল সার্জন বা হাসপাতালের পরিচালক কে উপস্থিত আছেন আর কে নেই, তার একটি তালিকা প্রতিদিন অধিদপ্তরে পাঠাতে পারবেন। মন্ত্রী বলেন, এতে উপস্থিতির হার বাড়বে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনের সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যব্যবস্থার উন্নতি করতে হলে বিকেন্দ্রীকরণ জরুরি। কয়েকটি বড় প্রতিষ্ঠানকে স্বায়ত্তশাসনের সুযোগ দিলে তাদের কাজের সুবিধা হবে, সেবার মানও বাড়বে। জেলা হাসপাতালগুলোকে স্বাস্থ্যসেবার কেন্দ্রে পরিণত করলে সুফল পাওয়া যাবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্বায়ত্তশাসনের ব্যবস্থা করে সুফল পাওয়া যাচ্ছে। সরকার শিগগিরই আটটি টেলিমেডিসিন কেন্দ্র চালু করবে। এসব কেন্দ্রের মাধ্যমে প্রত্যন্ত এলাকার রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবে।অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএসএমএমইউয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত জানান, সরকার এই বিশ্ববিদ্যালয়ের জন্য ৪৮৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান বলেন, যুদ্ধাহতদের চিকিৎসার জন্য ফিজিয়াট্রি বিষয়টির উদ্ভব ঘটে। বাংলাদেশেও মুক্তিযুদ্ধের পর এ বিষয়টি চিকিৎসাব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়।আয়োজক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক এম এ রশিদ বলেন, বাত, হাড় ক্ষয়জনিত রোগ, ব্যথা-বেদনা, পক্ষাঘাত, ক্রীড়াজনিত আঘাত—এসব রোগ নির্ণয় ও পূর্ণাঙ্গ চিকিৎসা এবং রোগীদের পুনর্বাসনের জন্য ফিজিক্যাল মেডিসিন বা ফিজিয়াট্রির দরকার। এই চিকিৎসাব্যবস্থায় ওষুধের সঙ্গে তাপ, বিদ্যুৎ, পানি, শব্দ ও অন্যান্য ভৌত পদার্থের দরকার হয়। তিনি বলেন, দেশে এই চিকিৎসার চাহিদা বাড়ছে, সেই তুলনায় চিকিৎসকের সংখ্যা খুবই কম।মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএমএর সাধারণ সম্পাদক মো. শারফুদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন, বিএসএমএমইউর চিকিৎসক মো. মঈনুজ্জামান প্রমুখ।